নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুটকিয়া গ্রামের গৃহবধূ মোশরেফাকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোশরেফার বড় ভাই হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করেছে।মোশরেফার বাড়ি চিরিরবন্দর উপজেলার খামার কৃষ্ণপুর গ্রামে। তিন বছর আগে ফুলবাড়ী উপজেলার পুটকিয়া গ্রামের আবদুল্লাহ আল জাহিদের সঙ্গে তাঁর বিয়ে হয়। হাফিজুর রহমান অভিযোগ করেন, ভগ্নিপতি জাহিদ বিভিন্ন সময় বোনকে তাঁদের বাড়িতে পাঠিয়ে ধার হিসেবে মোটা অঙ্কের টাকা আনলেও কখনো তা ফেরত দেননি। এর পরও মোশরেফার ওপর তাঁর স্বামীর পরিবারের সদস্যরা নির্যাতন করে আসছিলেন।মোশরেফার ভাবি গোলাপী বেগম জানান, শুক্রবার ভোরে মোশরেফা তাঁকে মুঠোফোনে বলেন, ‘ভাবি আমাকে যদি বাঁচাতে চান তাড়াতাড়ি আসেন।’ এরপর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানার পর গোলাপীর স্বামী মশিয়ার রহমান ও তাঁর ছোট ভাই হাফিজুর মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে বোনের লাশ দেখেন। তাঁদের জানানো হয়, হূদরোগে আক্রান্ত হয়ে মোশরেফা মারা গেছেন। হাফিজুর রহমান অভিযোগ করেন, তাঁদের বোনকে হত্যা করা হয়েছে মর্মে ওই দিনই ফুলবাড়ী থানায় দেওয়া এজাহার পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেনি। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মীর হামদে সামে বলেন, মোশরেফার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তী সময়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।