নির্যাতন নয়, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ্ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আগেই চালু করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সারা দেশে পৃথকভাবে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করার প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বিনিয়োগ করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। শমশেরনগরকে শিগগিরই একটি প্রশাসনিক থানায় উন্নীত করা হবে।
সার্চ কমিটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়েই মানে না। আপত্তি করাই বিএনপির প্রক্রিয়া। সময়মতো তারা নির্বাচনে ঠিকই যাবে। জঙ্গি মুসা বিষয়ে তিনি বলেন, জঙ্গি মুসা পুলিশের নজরদারিতে রয়েছে। যেকোনো সময়ে গ্রেপ্তার হবে।
সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বাবুল মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।