নির্যাতন প্রতিরোধে চাই প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের ময়না বেগমের (২০) বিয়ে হয় মাত্র ১৬ বছর বয়সে। কিন্তু বিয়ের পরপরই যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন তিনি। এর প্রতিবাদ করায় আরও নির্যাতন করা হয়। পরে সন্তান জন্মের আগেই তিনি বাবার বাড়ি চলে আসেন।
ময়না এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বামীর কাছ থেকে সন্তানের প্রতি মাসের ভরণপোষণ আদায় করেছেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় বরগুনার পাথরঘাটায় গত সোমবার দিনব্যাপী আয়োজিত এক সভায় ময়না এসব কথা জানান।
বেসরকারি সংগঠন আভাসের ওই ফলোআপ সভায় ময়নার মতো নির্যাতনের শিকার পাথরঘাটা উপজেলার রায়হানপুরের জেসমিন বেগম, হোসনেয়ারা বেগম; সদর ইউনিয়নের রাহিমা বেগম, মাসুমা বেগমসহ ২০ জন গৃহবধূ তাঁদের সংগ্রামী জীবনের বর্ণনা দেন।
ময়না বেগম তাঁর শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বলেন, মাত্র ৩০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় স্বামী তাঁকে নির্যাতন করতেন। পরে তিনি সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্থানীয় আইনি পরামর্শকের মাধ্যমে আভাস কার্যালয়ে স্বামী ইমরান খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর আভাস ইমরানের ঠিকানায় নোটিশ পাঠায়। বেশ কয়েকবার নোটিশ পাঠানোর পর ওই অভিযোগে সাড়া দেন তিনি। এভাবে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সালিস বৈঠকে মীমাংসা হয়। সেখানে একটি লিখিত চুক্তিতে প্রতি মাসে তাঁর মেয়ের ভরণপোষণ বাবদ দুই হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।
ময়না আরও জানান, বিয়ের সময় ১০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপর যৌতুক হিসেবে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও ৩০ হাজার টাকা যৌতুক দাবিতে ইমরান তাঁকে প্রায়ই নির্যাতন করতেন।
উপজেলার রায়হানপুরের জেসমিন বেগম জানান, তাঁর স্বামী গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা ছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি চলে আসেন। পরে আভাসের মাধ্যমে স্বামীকে নোটিশ পাঠিয়ে পরে তালাকের ব্যবস্থা করেন।
আভাসের পাথরঘাটা উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, ‘মামলা না করেও আইনি পরামর্শের মাধ্যমে যে ফয়সালায় পৌঁছানো যায়, আমরা গ্রাম পর্যায়ে সে পরামর্শ দিয়ে আসছি।’
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির খুলনা আঞ্চলিক সমন্বয়ক কামরুজ্জাহান বেবী, স্থানীয় আইন পরামর্শক শাহিনুর আক্তার ও অমিয় রানী, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ঊষা রানী প্রমুখ।