নির্যাতন প্রতিরোধে বিবেক জাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের বিবেককে জাগাতে হবে। এ জন্য সমাজের সব স্তরের মানুষের সচেতনতাও জরুরি।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা-প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেছেন।
নারী ঐক্য পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম সচেতনতা ও নিজেদের ক্ষমতা প্রয়োগের জন্য নারীদের বেশি করে পুলিশবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ না থাকলে অপরাধীরা সাহস পেয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রশ্ন তোলেন, সবকিছু কেন আইনের ঘাড়ে চাপাতে হবে? তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে বেশি মানুষকে দাঁড় করাতে পারলে প্রতিরোধের জায়গাটা বড় হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবার আগে মানবতাবোধ ও বিবেককে জাগাতে হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইন করে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খানের সভাপতিত্বে সেমিনারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রকল্পের পরিচালক আবুল হোসেন আলোচনায় অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার। বিজ্ঞপ্তি