নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে সংখ্যালঘু সংগঠনের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করা, আসন্ন নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলো।

আজ শনিবার সকাল ১০টা থেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটির ডাকে এই কর্মসূচি শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানান, দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

অবস্থান কর্মসূচি থেকে নেতারা বলছেন, এ দশের জাতীয় সংসদ নির্বাচনসহ জনপ্রতিনিধিত্বশীল সব সংস্থার যেসব নির্বাচন এর আগে অনুষ্ঠিত হয়েছে, ব্যতিক্রম বাদে সেগুলোর অভিজ্ঞতা সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য দুঃসহ ও দুর্ভাগ্যজনক। এমন কোনো নির্বাচন নেই, যেখানে সংখ্যালঘুরা নিপীড়ন, নির্যাতনের শিকার হয়নি। অতীতে যেসব নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেসব কমিশন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও তা আত্মবাক্যই মাত্র। বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। সে কারণে যেকোনো ধরনের নির্বাচন সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনগুলোর অন্য দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন প্রভৃতি।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সমন্বয় কমিটির সমন্বয়ক রানা দাশগুপ্ত।