নির্যাতন বন্ধে চা-বাগান ও হাওরের অশিক্ষা-কুসংস্কার ঠেকাতে হবে
সিলেটের অধিকাংশ অভিভাবক মেয়েদের লন্ডনি ছেলেদের কাছে বিয়ে দিতে আগ্রহী। এসব পাত্রের সম্পর্কে জেনে-না শুনে পাত্রীর অমতে বিয়ে দিচ্ছেন। কিন্তু কিছুদিনের মধ্যে নানা কারণে সেসব সংসার ভেঙেও যাচ্ছে। চা-বাগান ও হাওর এলাকায় কুসংস্কার, অশিক্ষা, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধ করা না গেলে নারী নির্যাতন কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত ‘আন্তঃ প্রজন্ম সংলাপ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে। স্লোগান ছিল ‘নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ-সংসার নারীবান্ধব রাখুন’। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো। সম্প্রচার সহযোগী চ্যানেল আই ও বাংলাদেশ বেতার। ফেরদৌসুর রহমান বাপ্পীর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। সংলাপে মুখ্য আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুল্লাহ তালুকদার। মূল প্যানেলে আলোচক ছিলেন সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহেদ, মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ও সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। প্রাজ্ঞ প্যানেলের আলোচক ছিলেন লোকসংস্কৃতি গবেষক মাহফুজুর রহমান, মতিউর রহমান, আইনজীবী ইরফানুজ্জামান, সৈয়দা শিরিনা আক্তার, জামিলা বেগম ও সাবেক শিক্ষিকা সালমা বাসেত। নবীন প্যানেলে আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা সুলতানা, জোহান রানা, মো. আজিজুল ইসলাম, ফাইজা জান্নাত, জাকারিয়া আহমদ ও ফারজিয়া হক। অনুষ্ঠানের শুরুতে কুসুমের আত্মকথা নামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে এক নারীর জন্মের পর থেকে বৈবাহিক জীবন পর্যন্ত নানা নির্যাতন ও বৈষম্যের চিত্র তুলে ধরা হয়। এ তথ্যচিত্রের আলোকে প্যানেল আলোচক ছাড়া মিলনায়তনে উপস্থিত বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় ও সামাজিক নেতারা এবং শিক্ষক-শিক্ষার্থীরাও মুক্ত আলোচনায় অংশ নেন। মূল প্যানেলের আলোচকেরা বলেন, গ্রামাঞ্চলের অনেক নারী আইন সম্পর্কে জানেন না। তাঁদের সুরক্ষা দিতে হলে নারীবান্ধব আইনগুলোর প্রচার-প্রচারণা বাড়াতে হবে। উঠান বৈঠকসহ নানা ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম সরকারি ও বেসরকারি পর্যায় থেকে নেওয়া যেতে পারে। তবে ছেলেমেয়েদের জন্য যৌথ শিক্ষাপ্রতিষ্ঠান বেশি পরিমাণে গড়ে উঠলে নারীর প্রতি পুরুষের ইতিবাচক মনোভাব তৈরি হবে। এতে করে নারী নির্যাতন অনেকটাই কমে আসবে। এ সময় বক্তারা সিলেট অঞ্চলের অভিভাবকদের মেয়েদের লন্ডনে বিয়ে দেওয়ার প্রবণতা, অশিক্ষা, আঞ্চলিকতা, ধর্মীয় কুসংস্কার, অজ্ঞতার বিষয়ে আলোচনা করেন। বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম বলেন, ‘নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দূর করতে পারলে দেশটাকে বদলে দেওয়া সম্ভব।’