নির্যাতন বন্ধে পরিবারই হোক প্রতিরোধের দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার পুরুষ সংহতি সমাবেশ হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষেরাও বক্তব্য দেন। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে পরিবারই হতে পারে প্রতিরোধের দুর্গ।
সমাবেশে বক্তারা প্রত্যেক পুরুষকে যাঁর যাঁর অবস্থান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এই সমাবেশের স্লোগান ছিল, ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’। সমাজের বিশিষ্ট ব্যক্তি, বেসরকারি সংগঠন, শ্রম ও পেশাজীবী সংগঠন, ছাত্র ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা এই নারী নির্যাতনবিরোধী পুরুষ সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
শিল্পী বর্ণা ইয়াসমিনের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের পরিচালক আইনজীবী মাকছুদা আখতার সমাবেশ পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে সব ক্ষেত্রে সম-অংশগ্রহণের সুযোগ করে না দিলে এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ না হলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন বন্ধে সব আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, যেকোনো সহিংসতার শেকড় অনেক বিস্তৃত। যখন সেটা ভয়াবহ হয়, তখন সেটা ব্যক্তি পর্যায় থেকে বেরিয়ে সামাজিক ব্যাধিতে রূপ নেয়। নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। নারী নির্যাতন হলে শুধু নারী নয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, পুরুষও ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত উপমহাপরিচালক ফরিদুর রহমান বলেন, যে সমাজ নারীকে সম্মান দেয় না, সেই সমাজ বর্বর সমাজ। নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলন কেবল নারী সমাজের নয়, নারী-পুরুষনির্বিশেষে সমাজের শিক্ষিত বিবেকবান সব মানুষের সামাজিক দায়িত্ব। সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মৃণাল সরকার, কলামিস্ট মুহম্মদ হিলালউদ্দিন, চিকিৎসক এম এইচ চৌধুরী লেলিন, আবৃত্তিকার ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বাসুদেব ধর, আইটি উদ্যোক্তা মাহবুব জামান, দৈনিক আজকালের খবর-এর সম্পাদক প্রণব সাহা, আইনজীবী এস এম এ সবুর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, ব্যবসায়ী আরাফাত আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হেলাল হোসেন ঢালী, উন্নয়নকর্মী তারিক হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ।