নির্যাতন বন্ধে পাহাড়ি ও বাঙালি নারীদের আন্দোলনের আহ্বান
পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাহাড়ি ও বাঙালি নারীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গত রোববার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারসংলগ্ন মাঠে হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত নারী নির্যাতনবিরোধী সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোনালী চাকমা। বক্তব্য দেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক প্রদীপন খীসা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ক্যহ্লাচিং মারমা, জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আমির আব্বাস, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাকিমা ত্রিপুরা প্রমুখ।বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীদের ওপর যৌন হামলা-নিপীড়ন দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ২১ জন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে তিনজনকে, ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন আটজন পাহাড়ি নারী।্রপাশাপাশি বাঙালি নারীরাও যৌন হামলার শিকার হচ্ছেন। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাহাড়ি ও বাঙালি নারীদের ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান।একই সঙ্গে বক্তারা সরকারের ফাঁদ থেকে বেরিয়ে এসে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানান।সমাবেশে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাসহ রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচর থেকে দুই সহস্রাধিক নারী অংশ নেন।