নির্যাতন বন্ধের দাবিতে দলিতদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতন বন্ধ ও আইনি সহায়তা দেওয়ার দাবিতে গতকাল সোমবার গাইবান্ধার স্টেশন সড়কে মানববন্ধন করেছে দলিত সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এই মানববন্ধন হয়। এতে জেলার সাতটি উপজেলার দলিত সম্প্রদায়ের লোকজন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী, কবি সরোজ দেব, বাংলাদেশ দলিত নারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনি রানী দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক নাসির উদ্দিন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্য রাজেশ বাসফোঁড়, সন্তোষ বাসফোঁড় প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় বাসফোঁড়, নুনিয়া, রবিদাস ও মঘাইয়া সম্প্রদায়ের পাঁচ হাজারের অধিক লোক বাস করে। তারা নানা রকম শোষণ, বঞ্চনা ও অবিচারের শিকার হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জ উপজেলার দলিত সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় থানায় মামলা করায় আসামিপক্ষের লোকজন কিশোরীর পরিবারকে নানা হুমকি দিচ্ছে। এ ছাড়া গত ২০ জানুয়ারি ফুলছড়ি উপজেলার কাঠুরিয়া গ্রামের সহদেব রবিদাসের প্রায় ৩৩ শতক জমি ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দখল করে। এতে বাঁধা দিলে দখলকারী ব্যক্তিরা তাদের মারপিট করে। পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অবশ্য ঘটনার পাঁচ দিন পর মামলা নেওয়া হয়। কিন্তু আসামিদের গ্রেপ্তারে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উপরন্তু, তাদের বিরুদ্ধেই তিনটি মিথ্যা মামলা দায়ের করে। তাই দলিত সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের আইনি সহায়তা দিতে হবে।