নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর গ্রাম থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রহিমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে।রহিমার বাবার বাড়ি সূত্রে জানা যায়, চার বছর আগে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ইউনুছ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী নালঘর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে রহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির দেওয়া তিন লাখ টাকা নিয়ে ইউনুছ দুবাই যান। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ইউনুছ সম্প্রতি দেশে ফেরেন।রহিমার বাবা অভিযোগ করেন, তাঁর জামাই বিদেশে থাকাকালীন রহিমার সঙ্গে তাঁর ননদেরা বিভিন্ন বিষয় নিয়ে কলহ করতেন। রহিমার ওপর তাঁরা প্রায়ই নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। সম্প্রতি ইউনুছ দেশে ফিরলে তাঁর বোনেরা রহিমার নামে নানা কথা বলেন। এতে ইউনুছ ক্ষিপ্ত হয়ে রহিমাকে গালিগালাজ ও মারধর করেন। গত মঙ্গলবার ইউনুছের সামনেই তাঁর বোনেরা রহিমাকে মারধর করেন। এ সময় রহিমার স্বামী কোনো প্রতিবাদ করেননি।মমতাজ উদ্দিন দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। তাঁকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালানো হয়। ঘটনার পর থেকে রহিমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গৃহবধূ রহিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, লাশের সুরতহাল প্রস্তুতকালে গলায় আঘাতের চিহ্ন থাকলেও শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই জানান।গৃহবধূর স্বামী ইউনুছ মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।