নির্যাতন সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ!
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের অদূরে মশরহাটী গ্রামে গোয়ালন্দ থেকে খুলনাগামী মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুনজিরা বেগম (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ তুলে লোকজন গৃহবধূর স্বামী মিজানুর রহমানকে ওই রাতেই ধরে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার মশরহাটী গ্রামের মিজানুর রহমান বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী মুনজিরা বেগমকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর তিনি বাড়ির অদূরে ট্রেন লাইনে ‘গোয়ালন্দ মেইল’ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ ঘটনার পর মিজানুর রহমান কৌশলে পালিয়ে যেতে উদ্যত হন। এ সময় এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান বলেন, ‘স্বামীর অত্যাচার সইতে না পেরে মুনজিরা বেগম আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ওই রাতেই মিজানুর রহমানকে আটক করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় তারাই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’