নির্যাতন সইতে না পেরে প্রাণ দিলেন রীতা!
শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিয়েছেন পটুয়াখালীর দক্ষিণধরান্দি গ্রামের রীতা রানী দাস (২১)। গত রোববার রাতে রাজধানীর বড় মগবাজার এলাকায় ভাড়া করা বাসায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রীতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে।এলাকাবাসী ও রীতার স্বজনেরা জানান, তিন বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুধিঘাটা গ্রামের আশীষ কুমার দাসের সঙ্গে বিয়ে হয় রীতার। বিয়ের সময় রীতার বাবা প্রায় ১০ লাখ টাকার উপহার দেন আশীষকে। বিয়ের পর ঢাকার মোহাম্মদপুরে তাঁরা সংসার শুরু করেন। কিন্তু এক মাস না যেতেই আশীষ রীতাকে বাবার বাড়িতে রেখে যান। পরে মুঠোফোনে রীতাকে তাঁর বাবার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে আসতে বলেন। মেয়ের সুখের কথা ভেবে বাবা আশীষকে আরও দুই লাখ ৪০ হাজার টাকা দেন।রীতার বাবা নিমাই চন্দ্র দাস জানান, টাকা পেয়ে আশীষ বড় মগবাজার এলাকায় ভাড়া বাসায় রীতাকে পৌঁছে দিতে বলে। আগস্ট মাসে রীতাকে সেখানে দিয়ে আসা হয়। দুই সপ্তাহ ধরে আরও দুই লাখ টাকার জন্য রীতাকে চাপ দিতে থাকেন আশীষ। রীতা অপারগতা জানালে এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়।নিমাই দাস বলেন, ‘রীতার সঙ্গে আমার সর্বশেষ কথা হয় শনিবার বিকেলে। রীতা আমাকে মুঠোফোনে বলে, আশীষের সঙ্গে অন্য একটা মেয়ের সম্পর্ক আছে। এতে আমি বাধা দেওয়ায় ও আমার কাছে দুই লাখ টাকা দাবি করছে। আমার ওপর নির্যাতন করছে। বাবা, আমি আর সইতে পারছি না। আমাকে গত তিন দিন কিছু খেতে দেয়নি। তোমরা আমাকে নিয়ে যাও।’রীতার লাশ উদ্ধারের পর এ ঘটনায় রোববার রাতেই রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে সোমবার রীতার কাকা সত্যজিৎ দাস রীতার স্বামী আশীষ (২৭) ও তাঁর ভাইসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে রীতার স্বামীকে ঢাকায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য তিন আসামিকে খুঁজছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এম এ জলিল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রীতার মৃত্যুতে প্রথমে একটি অপমৃত্যু মামলা হলেও পরে রীতার স্বামী, ভাই অসীম কুমার দাসসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছি। রীতার ঘরে “সুখে থেকো লক্ষ্মী-প্রতীমা নিয়ে। আমিও বাঁচতে এসেছিলাম, মরতে নয়। বিদায়।” লেখা একটি চিরকুট পাওয়া গেছে। হাতে লেখা ওই চিরকুট থেকে ধারণা করা হচ্ছে, আশীষের সঙ্গে কারও পরকীয়া রয়েছে।’এদিকে ঢাকায় ময়নাতদন্তের পর গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রীতার মরদেহ পটুয়াখালীর দক্ষিণধরান্দি গ্রামে বাবার বাড়ি পৌঁছে। দুপুরে সেখানে রীতার শেষকৃত্য সম্পন্ন হয়।