নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত মঙ্গলবার রাতে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর স্বামীসহ তাঁর স্বজনেরা গা ঢাকা দিয়েছেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছে গৃহবধূর পরিবার।
ওই গৃহবধূর নাম মাসুদা আক্তার (২৬)। তিনি বীর সিধলী গ্রামের শফিকুল ইসলামের (৩২) স্ত্রী এবং রিয়া কৈলাটি গ্রামের প্রবাসী মৌজালী মিয়ার মেয়ে। গতকাল বুধবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তাঁর লাশ ময়নাতদন্ত শেষে বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাসুদা আক্তারের সঙ্গে প্রায় ছয় বছর আগে শফিকুল ইসলামের বিয়ে হয়। শফিকুল নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে তিনি স্ত্রীর ওপর যৌতুকের জন্য চাপ দিতেন ও মারধর করতেন। এ নিয়ে সালিসও হয়েছিল।
মাসুদা আক্তারের মা শেফালি আক্তার ও খালাতো ভাই সালেহ আহমেদ বলেন, মাস খানেক আগেও শফিকুল মারধর করে মাসুদার মাথা ফাটিয়ে দেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে মাসুদাকে মারধর করেন শফিকুল। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে বিষপান করে মাসুদা। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে রাত আটটার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। আধ ঘণ্টা পর অবস্থার অবনতি দেখে তাঁরা সটকে পড়েন। রাত পৌনে নয়টার দিকে মাসুদা মারা যান।