নির্যাতন সয়ে দেশে ফিরল সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কারাগার থেকে দেশে ফিরে আসা টাঙ্গাইলের সখীপুরের কিশোর সুজন (মাঝে) l ছবি: প্রথম আলো
মালয়েশিয়ার কারাগার থেকে দেশে ফিরে আসা টাঙ্গাইলের সখীপুরের কিশোর সুজন (মাঝে) l ছবি: প্রথম আলো

‘প্রতিদিন আমারে মারত, হাত-পা বাইন্দা রাখত, ঠিকমতো খাইবার দিত না, শরীরে গরম পানি ঢাইলা দিত, খুব কষ্ট হতো। চিৎকার করে কানতাম, কিন্তু কেউ এগিয়ে আসত না।’ কথাগুলো দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে পুলিশের হাতে আটক হওয়া কিশোর সুজন মিয়ার (১৫)।
গত শুক্রবার রাতে রেড ক্রিসেন্টের সহায়তায় সেই সুজন ঢাকায় ফিরে আসে। গতকাল শনিবার তাকে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সুজনকে নিতে আসা তার খালু নজরুল ইসলাম বলেন, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন। বছর খানেক আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তাকে না পেয়ে ওই সময় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মাস খানেক আগে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা সুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, সুজনকে মালয়েশিয়া কারাগারে আটকাবস্থায় পাওয়া গেছে।
সুজন জানায়, সে এক বছর আগে কাজের সন্ধানে চট্টগ্রামে যায়। সেখানে কয়েকজন তাকে বিনা খরচে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা জানায়। এতে রাজি হলে সুজনকে তারা চোখ বেঁধে নৌকায় তোলে। সেখানে তার মতো আরও কয়েক শ লোক ছিল। প্রথমে তাকে মিয়ানমারে নেওয়া হয়, সেখান থেকে থাইল্যান্ডে। পরে স্পিডবোটে করে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে ১০-১২ জনের একটি দলকে ঘরের ভেতর আটকে রেখে নির্যাতন করা হতো। টাকার জন্য চাপ দেওয়া হতো। বাড়িতে যোগাযোগ করতে বলা হতো। টাকা দিতে পরিবারের অক্ষমতার কথা বললেও তারা শুনত না। এভাবে অনেক দিন চলার পর তারা সুজনকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে সুজন মাসিক পাঁচ শ রিঙ্গিতের বিনিময়ে রাজমিস্ত্রির কাজ করত। তার আয়ের পুরো টাকা দালালেরা নিয়ে যেত। তাকে শুধু খাওয়ার খরচ ও কিছু পোশাক কিনে দিত। অমানুষিক পরিশ্রম সহ্য করতে না পেরে পরে সে সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে ধরা দেয়।
সুজন বলে, ‘পুলিশ আমাকে বেঁধে রেখে নির্যাতন করত। শরীরে গরম পানি ঢেলে দিত। কারাগারে থাকার সময় এক লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করে। দেশে ফেরত নিতে বাড়ি থেকে টাকা পাঠাতে পারবে কি না জানতে চায়। আমি পরিবারের অক্ষমতার কথা জানাই। তারা আমাকে পরিবারের কাছে চিঠি লিখতে বলে। আমি চিঠি লিখি। এরপর আজ আমি বাংলাদেশে।’
টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন, রেড ক্রিসেন্টের ‘রিপোর্টিং ফ্যামিলি লিংক’ (আরএফএল) মালয়েশিয়া কার্যালয় থেকে সুজনের একটি চিঠি আসে রেড ক্রিসেন্টের টাঙ্গাইল অফিসে। চিঠিটি সুজনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার পরিবার জানায়, টাকা দিয়ে সুজনকে দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক অবস্থা তাদের নেই। পরে কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের কাছে একটি আবেদন করা হয়, সুজনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিশেষ বিবেচনা করার জন্য। তারা সেই আবেদনে সাড়া দিয়ে সুজনকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়।
জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় সূত্র জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী শুধু মালয়েশিয়ার বিভিন্ন কারাগারেই টাঙ্গাইলের ৩৫ জন আটক রয়েছে। এ ছাড়া লিবিয়ায় তিনজন নারী শ্রমিক এবং সিঙ্গাপুরে রয়েছে একজন।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ‘রিস্টোরিং ফ্যামিলি লিংক’ ইউনিটের যুবপ্রধান আরাফ আল জামান, উপপ্রধান আ. আলিম, প্রশিক্ষণপ্রধান আর কে সাহা তপু, আ. হালিমসহ অন্য সদস্যরা।