নির্যাতন-হত্যাকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রীকে আদিবাসী ছাত্রদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন। গতকাল রোববার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের মাধ্যমে এ স্মারকলিপি দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগের আদিবাসীরা বিভিন্ন সময়ে ভূমিকে কেন্দ্র করে নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। ২০০০ সালে আলফ্রেড সরেন এবং গত ৬ জানুয়ারি সহকারী ভূমি কমিশনার অবিদিয় মার্ডিকে হত্যা করা হয়। অবিদিয় মার্ডিকে হত্যার কিছুদিন আগে নওগাঁ জেলার ধামুইরহাটে আদিবাসী গ্রাম পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। সেই ঘটনা তদন্তের পর কর্মস্থলে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয়। এ সময় সন্ত্রাসীরা ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে অপপ্রচার শুরু করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। ২ আগস্ট দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ডাঁড়কামারী গ্রামের ঢুডু সরেনকে গলা কেটে হত্যা করা হয় জমি দখলকে কেন্দ্র করে। এর পরদিনই চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী নেত্রী ও জনপ্রতিনিধি বিচিত্রা তীর্কির ওপর নির্যাতন চালায় জমি দখলকারীরা।