নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচার করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের সময় আইনবহির্ভূতভাবে নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার করা উচিত বলে রায় দিয়েছেন একটি প্রতীকী আদালত।নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মানবাধিকার সংগঠন অধিকার প্রতীকী এ আদালতের আয়োজন করে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে। সেখানে দৈনিক আমার দেশ -এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ২০১২ সালে মাগুরা সদর থানায় নির্যাতিত আবু রেজা, ২০১২ সালে ঢাকার কাফরুল থানায় নির্যাতনের পর হাসপাতালে মারা যাওয়া ফারুক হোসেনের বোন পারভীন হক, ২০১০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে নিহত রবিউল ইসলামের বাবা মোহাম্মদ শাহজাহান, ২০০৯ সালে নির্যাতনে নিহত বিডিআরের সদস্য মোবারক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা এবং ২০১১ সালে খুলনা সদর থানায় নির্যাতিত নয় বছরের শিশু বেলাল হোসেনের বাবা গোলাম সারোয়ার নির্যাতনের চিত্র তুলে ধরেন।তিন সদস্যের প্রতীকী আদালতে প্রধান বিচারক ছিলেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। অন্য দুই সদস্য ছিলেন সাবেক সচিব মোফাজ্জল করিম ও নারীনেত্রী ফরিদা আখতার।প্রতীকী আদালতে পারভীন হক বলেন, তাঁর ভাই ঠিকাদারি করতেন। চাঁদা দিতে না পারায় কাফরুল থানার পুলিশ ফারুককে গ্রেপ্তার করে থানায় নিয়ে লাঠিপেটা করে। খবর পেয়ে থানায় গিয়ে তিনি ভাইয়ের আর্তচিৎকার শোনেন। নির্যাতনের পর অসুস্থ অবস্থায় ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।মাহমুদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আদালতে এই নির্যাতনের কথা জানানোর পরও তাঁকে আবার জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী শাহিন আহমেদ ও শামসুল হক। তাঁরা বলেন, গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করার কোনো আইন নেই। কিন্তু তার পরও নির্যাতন করা হয়েছে।পরে রফিক-উল হক রায় ঘোষণা করেন। তিনি বলেন, আইনবহির্ভূত নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা উচিত। যেকোনো নির্যাতন বন্ধে বিচার বিভাগকে শক্তিশালী ও সম্পূর্ণ স্বাধীন করতে হবে। তিনি রাজনৈতিক বিবেচনায় বিচারপতিদের নিয়োগ না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পক্ষে মত দেন।স্বাগত বক্তব্যে অধিকারের সভাপতি সি আর আবরার বলেন, নির্যাতনের মাধ্যমে আদায় করা বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তার পরও এর মাত্রা বেড়ে চলেছে। ৪১ বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়মুক্তির কারণে মানবাধিকার আরও বেশি মাত্রায় লঙ্ঘিত হচ্ছে।একই স্থানে বিকেলে নির্যাতন বন্ধের বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন নিউ এজ-এর সম্পাদক ও অধিকারের উপদেষ্টা নুরুল কবির। বক্তব্য দেন অধিকারের সচিব আদিলুর রহমান খান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব মিশন উইলিয়াম হানা, রাজনীতিক হায়দার আকবর খান রনো, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, গণসংহতি আন্দোলনের নেতা আবদুস সালাম, শ্রমিক সংহতি কেন্দ্রের নির্বাহী সম্পাদক কল্পনা আখতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে নিহত বিলুপ্ত বিডিআরের হাবিলদার মহিউদ্দিন আহমেদের স্ত্রী মাজেদা আখতার।অধিকারের তথ্যানুযায়ী, ২০০৯ থেকে ২০১২ সালের মে পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ২৩৮ জন নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৬৪ জন নির্যাতনের কারণে মারা গেছেন।অধিকার জানিয়েছে, দিবসটি পালন উপলক্ষে তারা ২৫টি জেলায় শোভাযাত্রা করে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে।১৯৮৮ সাল থেকে বিভিন্ন দেশে ২৬ জুন দিবসটি পালিত হচ্ছে।