নির্যাতনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত শিক্ষক পরিমল জয়ধরের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে অন্তত পাঁচটি পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে নারীনেত্রী, শিক্ষক, শিল্পী ছাড়াও ওই স্কুলের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকেরা অংশ নেন।গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ। নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীদের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্ধা। এ সময় ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীরা সাত দফা দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হলো পরিমলসহ অভিযুক্ত অন্য শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, কলেজ পরিচালনা পরিষদ পুনর্গঠন, বিভিন্ন শাখায় যেসব শিক্ষকের আচরণ সম্পর্কে অভিযোগ উঠেছে, তাঁদের চাকরিচ্যুত করা প্রভৃতি।সমাবেশে সংহতি প্রকাশ করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন।সমাবেশে অন্যান্যের মধ্যে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষিকা আবেদা হোসেন, রোখসানা শামীম ও আফরোজা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন ও জোবায়দা নাসরিন এবং সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু ও কৃষ্ণকলি প্রমুখ বক্তব্য দেন।সমাবেশের আগে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক ও ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মৌন মিছিল বের করে। তারা বুকে কালো ব্যাজ ও মাথায় প্রতিবাদী লাল কাপড় পরে প্রতিবাদী ফেস্টুন নিয়ে যোগ দেয় সমাবেশে।এদিকে পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে পৃথক আইন প্রণয়নসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে পরিষদের নেত্রী মাসুদা রেহানা বেগম, রাখী দাশ পুরকায়স্থ, মাকসুদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।একই দাবিতে প্রগতিশীল শিক্ষক ফোরাম ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। আজ বুধবার বাংলাদেশ ইয়ুথ ফোরাম ও অভিভাবক ঐক্য ফোরাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।গত ২৮ মে ও ২৭ জুন নিজ কোচিং সেন্টারে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন পরিমল। এ কথা স্বীকার করে গত মঙ্গলবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেছেন, অভিযুক্ত পরিমল তাঁর কোচিং সেন্টারে স্কুলের এক ছাত্রীর সঙ্গে যে জঘন্য কাজ করেছেন, এর নিন্দা জানানোর ভাষা তাঁর নেই। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে অন্যরাও রেহাই পাবেন না। তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় এ কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান আছে এবং এটা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। অধ্যক্ষ আরও বলেন, লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ওই শিক্ষকের কোচিং সেন্টারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ বজায় রয়েছে এবং থাকবে।