সাতক্ষীরায় শিশু গৃহকর্মী বীথির (১০) ওপর ‘নির্যাতনের’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিশুটিকে ১৯ আগস্ট জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলামের বাসা থেকে উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরে বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন দেখা যায়।
‘সচেতন নাগরিক সমাজ’–এর ব্যানারে সাতক্ষীরা জজ আদালতের সামনে শহীদ কাজল সরণিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বীথিকে নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এ জন্য অবিলম্বে মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি তোলা হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
হাকিম নূরুল ইসলামের বাসা থেকে শিশু গৃহকর্মী বীথিকে উদ্ধার করেন সাতক্ষীরার সদ্য বদলি হওয়া মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা, সাতক্ষীরার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ মো. সাদী ও সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ। ওই দিনই শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বীথির বাবার অভিযোগ, তাঁর মেয়ের ওপর হাকিম মো. নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাতাশা বেগম এবং শাশুড়ি বিউটি বেগম নির্যাতন করেছেন। তবে তাঁরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
মুক্তিযোদ্ধা হাসনে জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। আরও বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, দৈনিক মশাল–এর নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন, সুধাংশু শেখর প্রমুখ।
সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জানান, তাঁদের সংগঠন প্রকৃত ঘটনা তুলে ধরা এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে গত রোববার সভা করে নয় সদস্যের গণতদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি গত সোমবার থেকে কাজ শুরু করেছে। ৩০ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।