নির্যাতনকারীদের রুখবে 'জয় মোবাইল অ্যাপ'
রাস্তাঘাটসহ যেকোনো জায়গায় হুট করে কোনো নির্যাতনের শিকার হলে গোপনে মুঠোফোনের পাওয়ার বাটনে পরপর চারবার চাপ দিতে হবে। এরপর মুঠোফোন ভাইব্রেট হবে। তারপর পাওয়ার বাটনে আর একবার চাপ (মোট পাঁচবার) দিতে পারলেই তিনি বিপদে পড়েছেন—সে সংকেত চলে যাবে ‘জয় মোবাইল অ্যাপে’। অ্যাপের মাধ্যমে ঘটনার স্থান, কথা, এমনকি আশপাশের ছবিও চলে যাবে অ্যাপে।
আর যদি নির্যাতনের শিকার বা শিকার হওয়ার আশঙ্কা আছে, এমন ব্যক্তি মুঠোফোন বের করার মতো অবস্থায় থাকেন, তাহলে অ্যাপের জরুরি বাটন চেপে জিপিএস লোকেশন, ছবি ও অডিও রেকর্ডিং পাঠাতে পারবেন। আর কেউ লিখিত অভিযোগ পাঠাতে চাইলে অ্যাপটির ‘অভিযোগ করুন’ অপশনে গিয়ে অভিযোগের ধরন বাছাই করে বিবরণসহ অভিযোগ করতে পারবেন। এ ছাড়া ‘সংযুক্ত করুন’ অপশনে ছবি ও অডিও সংযুক্ত করে পাঠানো যাবে।
গত ২৯ জুলাই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জয় মোবাইল অ্যাপের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির অধীনে রাজধানীতে মহিলাবিষয়ক অধিদপ্তরে জয় মোবাইল অ্যাপস সেন্টারে কর্মরতরা ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন এবং অ্যাপটি নজরদারি করছেন। জয় মোবাইল অ্যাপ হলো তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীন এটুআই প্রোগ্রামের অর্থায়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের উদ্ভাবিত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটি উদ্বোধনের পর থেকে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশ থেকে ৯৪৭টি অভিযোগ এসেছে। আর এ সময় অ্যাপটি মুঠোফোনে ইনস্টল করেছেন ৩ হাজার ২৪১ জন। এ পর্যন্ত কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করাও সম্ভব হয়েছে।
যেকোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোন থেকে গুগল প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে ‘জয়’ এবং স্পেস দিয়ে ‘১০৯’ লিখে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ইনস্টল করার সময় ব্যবহারকারীর নাম ও চার সংখ্যার একটি গোপন পিন নম্বর দিতে হবে, যে নম্বরটি শুধু ব্যবহারকারী জানবেন। অ্যাপের মাধ্যমে নারী ও শিশুর প্রতি নির্যাতনের জরুরি মুহূর্তে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, মেট্রো এলাকার উপপুলিশ কমিশনার, নির্দিষ্ট তিনটি এফএনএফ নম্বর (ভিকটিম তিনটি মুঠোফোন নম্বর সিলেক্ট করে রাখবেন) এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে (১০৯) খুদে বার্তা চলে যাবে। তবে সব তথ্যের বেলায়ই গোপনীয়তা রক্ষা করা হবে।
কর্মরতরা জানালেন, নির্যাতনের শিকার কোনো ব্যক্তির অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট সংযোগ না থাকলেও চিন্তার কিছু নেই। তিনি যেকোনো মুঠোফোন থেকে ১০৯ নম্বরে খুদে বার্তা পাঠালেও তা অ্যাপে চলে যাবে। এ ছাড়া সরাসরি ১০৯ নম্বরে ফোন করেও যে কেউ অভিযোগ জানাতে পারবেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের প্রোগ্রাম অফিসার রাইসুল ইসলাম বলেন, জয় অ্যাপে সরাসরি, ১০৯ নম্বরে খুদে বার্তার মাধ্যমে বা ফোনে দিনে গড়ে ৪০টি অভিযোগ আসছে। তবে জয় অ্যাপটি নতুন হওয়ায় অ্যাপ ডাউনলোডকারীদের বেশির ভাগই অ্যাপটি আসলেই কাজ করছে কি না, তা পরীক্ষার জন্য অ্যাপটি ব্যবহার করছেন। এখন পর্যন্ত সেভাবে প্রচার না থাকায় ঢাকার ভিকটিমরাই বেশি যোগাযোগ করছেন। শারীরিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেলেও এখন পর্যন্ত ধর্ষণ বা এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, নারী নির্যাতনসহ যেকোনো নির্যাতনের শিকার ভিকটিমের তাৎক্ষণিক প্রতিকার দেওয়ার পাশাপাশি অ্যাপটি অপরাধী সনাক্ত করার কাজ করছে। পরবর্তী সময়ে ভিকটিম নির্যাতকের বিরুদ্ধে মামলা করলে এ তথ্য সহায়তা করবে। অপরাধী বা নির্যাতনকারীদের কাছে অ্যাপটি ‘আতঙ্ক’ হিসেবেই চিহ্নিত হবে। এ অ্যাপ সবাই ব্যবহার করা শুরু করলে অপরাধের মাত্রাও কমবে। একবার অ্যাপটি চালু করলে অপরাধী চাইলেও তা বন্ধ করতে পারবে না। স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য চলে যাবে নির্দিষ্ট জায়গায়।