নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধের দাবি জানান।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি আবেদা রায়হান, কল্পনা রায়, বুলবুল রানী ঘোষ, শিখা রায়, সেলিনা বানু, হোসনে আরা ও অধ্যাপক নুরুন নাহার।
পরে নগরের আলুপট্টি মুক্তিযুদ্ধ পাঠাগারে পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়। এ সময় ২০১২ সাল থেকে ১৪ সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।
এ সময় উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজশাহী জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৪৬টি। এর মধ্যে শিশু নির্যাতনের ঘটনা ২৩১টি।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১২টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ধর্ষণকারীকে পারিবারিক ও সামাজিকভাবে বয়কট, নারী ও শিশু নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করা।