নির্যাতনে আহত ছাত্রের মৃত্যু পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নির্যাতনের শিকার ইংরেজি মাধ্যমের ছাত্র হিমাদ্রী মজুমদার বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। এ হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত ২৭ এপ্রিল হিমাদ্রীকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় এক ব্যক্তি। এরপর নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ফরহাদ ম্যানশন নামে পাঁচতলা একটি ভবনে নিয়ে তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ওই ভবনের ছাদে নিয়ে পিটিয়ে আহত করে নিচে ফেলে দেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, পরে আশপাশের লোকজন হিমাদ্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।এদিকে হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁর মামা শ্রীপ্রকাশ দাশ অসিত পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: শাহ সেলিম ওরফে টিপু (৫৫), জুনায়েদ আহমদ রিয়াদ (২৫), সাজু (২৭), জেনি (২৫) ও শাওন (২৩)। তবে আসামিদের কেউ গ্রেপ্তার হননি।হিমাদ্রীর মামা শ্রীপ্রকাশ দাশ অসিত প্রথম আলোকে বলেন, ‘আহত অবস্থায় হিমাদ্রীর সাক্ষাৎকার একটি টিভি চ্যানেল সংগ্রহ করেছে। ওই সাক্ষাৎকারে আসামিদের নামধাম বলেছে সে। তার ভিত্তিতে আমি পাঁচজনকে আসামি করে মামলা করেছি।’ পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘হিমাদ্রীর মামা অভিযোগ দেওয়ার পর পুলিশ মাঠে নেমেছে। আসামিরা শিগগির ধরা পড়বে বলে আশা করছি।’ওসি আলমগীর বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে হিমাদ্রীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাটি এখনো রহস্যময় মনে হচ্ছে। আসামিরা গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের কারণ বের করা সম্ভব হবে।’ হিমাদ্রীর আত্মীয়রা জানান, তাঁর বাবা প্রবীর মজুমদার একজন ব্যবসায়ী। চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে হিমাদ্রী এ লেভেলে পড়াশোনা করতেন।