নির্যাতনে তাসলিমার মৃত্যু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চানপুর গ্রামের তাসলিমা আক্তারের (১৪) মৃত্যু হয়েছে নির্যাতনের কারণে। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন নান্দাইল থানায় পৌঁছালে এ তথ্য জানা যায়।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার কথা নিশ্চিত করে গতকাল শুক্রবার বলেন, নির্যাতনের কারণে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে বলে বিবরণে চিকিৎসকেরা উল্লেখ করেছেন। প্রতিবেদনটি এখন রমনা থানায় পাঠিয়ে দেওয়া হবে।তাসলিমা ঢাকার একটি বাসায় পাঁচ মাস ধরে গৃহকর্মীর কাজ করত। ১৬ এপ্রিল সন্ধ্যায় সেই বাসায় তাসলিমার মৃত্যু হলে গভীর রাতে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। গ্রামের লোকজন তাসলিমার মৃতদেহে অসংখ্য নির্যাতনের চিহ্ন দেখে অ্যাম্বুলেন্সটি আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও আরোহী চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাসলিমার বাবা আবুল কালামের একটি লিখিত অভিযোগ নান্দাইল থানা থেকে ঢাকার রমনা থানায় পাঠানোর পর সেখানে অভিযোগটি হত্যা মামলা হিসেবে লিপিবদ্ধ হয়। মামলায় তাসলিমার ঢাকার ১৫ নম্বর নিউ ইস্কাটনের কুইন্স গার্ডেনের যে বাসায় কাজ করত, সেই বাসার গৃহকর্ত্রী ফাইজুন্নাহার, তাঁর স্বামী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব শাখার সহকারী পরিচালক শহীদুল ইসলাম ও দেবর সিরাজুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। বর্তমানে আসামিরা সবাই পলাতক।