নির্যাতনে নির্যাতনে ওষ্ঠাগত যুবলীগ নেতার প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের রোষানলে পড়ে যুবলীগের এক নেতা কারাগারে যন্ত্রণায় ছটফট করছেন। প্রতিপক্ষের কারণেই সাড়ে তিন মাস ধরে পরিবার নিয়ে গ্রামছাড়া তিনি।গত শনিবার গ্রামে ঢুকতে চেয়েছিলেন। পথেই তাঁকে ধরে পিটুনি দিয়ে পা ভেঙে দেন প্রতিপক্ষের লোকজন।

এখানেই ক্ষান্ত হননি তাঁরা। অস্ত্র দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশও অস্ত্র আইনে মামলা দেয়। চিকিৎ​সার জন্য শনিবার রাতে পুলিশ তাঁকে ঢাকায় নিয়ে যায়। আবার পরের দিনই ফিরিয়ে আনে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।

যুবলীগের এই নেতার নাম রিপন ব্যাপারী (৩২)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য। তাঁর বাবা-মা ইতালি থাকেন। ছেলের এমন দশা শুনে গত সোমবার দেশে এসেছেন মা মাফিয়া বেগম। গতকাল মঙ্গলবার কারাগারে ছেলের সঙ্গে দেখা করে তিনি বলেন, তাঁর ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার যথাযথ চিকিৎ​সা হচ্ছে না।

গ্রামবাসী জানায়, ১৫ মার্চ নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ মল্লিককে ভাইস চেয়ারম্যান পদে দল সমর্থন দেয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ব্যাপারী বিদ্রোহী হয়ে ওই পদে বিজয়ী হন। রিপন ব্যাপারী হাফিজের পক্ষে প্রচারণা চালান। তখন থেকেই জাকিরের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। জাকিরের সমর্থকদের হুমকির মুখে স্ত্রী-সন্তান নিয়ে নির্বাচনের রাতেই গ্রাম ছেড়ে পালান।

গত শনিবার দুপুরে রিপন মোটরসাইকেলে করে গ্রামে ঢুক​ছিলেন। পথে জাকির ব্যাপারীর ভাই আক্তার ব্যাপারীর নেতৃত্বে ৮-১০ জন মশুরা এলাকা থেকে তুলে কলুকাঠি দিঘিরপাড় এলাকায় নিয়ে যান। যুবকেরা রড দিয়ে পিটিয়ে রিপনের বাঁ পায়ের হাড় ভেঙে দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গত রোববার বিকেলে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপনের স্ত্রী শান্তা আক্তার বলেন, ‘আক্তার ব্যাপারী আমার স্বামীকে ধরে এনে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। তারপর অবৈধ অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।’

শনিবার রাতে নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) গজনবী মিয়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রিপনের বিরুদ্ধে একটি মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, কলুকাঠি দিঘিরপাড় গ্রামের আবু কালাম বয়াতির বাড়ির সামনে গ্রামের লোকজন রিপনকে একটি রিভলবারসহ আটক করে রাখেন।

অস্ত্রসহ রিপনকে কীভাবে আটক করলেন—জানতে চাইলে নড়িয়া থানার এসআই গজনবী মিয়া বলেন, ‘তাঁকে থানায় আনার জন্য গাড়িতে তুলি। তখন তাঁর জিনসের প্যান্টের বাঁ পকেটে একটি রিভলবার পাওয়া যায়।’ কিন্তু এজাহারে লিখেছেন গ্রামের লোকজন অস্ত্রসহ রিপনকে আটক করে, পরে পুলিশে খবর দেয়। আর এখন বলছেন গাড়িতে ওঠানোর পর তাঁর পকেটে অস্ত্র পাওয়া গেছে। দু রকম তথ্য কেন—এমন প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ নীরব থাকেন। এরপর বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি দেখবেন। আপনারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনা সম্পর্কে খোঁজ নিতে প্রথম আলোর এই প্রতিনিধি গত সোমবার কলুকাঠি দিঘিরপাড় গ্রামে গিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। কিন্তু শনিবার কোনো যুবক অস্ত্রসহ আটক হয়েছেন—এমন তথ্য গ্রামের কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এমন খবর তাঁরা শোনেনওনি।

খবর পেয়ে জাকির ব্যাপারীর ভাই আক্তার ব্যাপারী দুটি মোটরসাইকেলে চার যুবককে নিয়ে আসেন। এ সময় তাঁরা রিপনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ জানান। রিপনকে গ্রামের মানুষ অস্ত্রসহ আটক করেছে—এমন দাবি করেন তাঁরা। অভিযোগ অস্বীকার করে আক্তার ব্যাপারী বলেন, রিপন এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।অস্ত্র নিয়ে গ্রামে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। তাই গ্রামের মানুষ তাঁকে মারধর করে পুলিশে দিয়েছেন।

কলুকাঠি দিঘিরপাড় জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রসহ কোনো যুবককে গ্রামের মানুষ আটক করেছে—এমন খবর পাইনি।’

মামলার এজাহারে উল্লেখ আছে, আবু কালাম বয়া​তির বাড়ির সামনে থেকে লোকজন রিপনকে অস্ত্রসহ আটক করে। পুলিশের দায়ের করা মামলার সাক্ষী খোদ আবু কালাম বয়াতি। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাজার থেকে বাড়ি​ ফিরছিলাম। বাড়ির সামনে মানুষের জটলা দেখে এগিয়ে যাই। তখন দেখি এক যুবককে পুলিশ গাড়িতে তুলছে। পুলিশ আমাকে জানায়, এই যুবকের কাছে একটি অস্ত্র পাওয়া গেছে। এ কথা বলে একটি কাগজে স্বাক্ষর নেয়। কিন্তু আমি  কোনো অস্ত্র দেখিনি।’

জাকির হোসেন ব্যাপারীর সঙ্গে গত দুদিন ধরে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোন বাজলেও তিনি ধরেননি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কবিরুল ইসলাম বলেন, অস্ত্রসহ ওই যুবককে আটক করার পর গ্রামবাসী তাঁকে গণধোলাই দেয়। তাঁর বাঁ পায়ের একটি হাড় ভেঙে গেছে। তাঁকে চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, রিপন ব্যাপারীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। আপনারা একটু খোঁজ নিলে আরও বিস্তারিত জানতে পারবেন। বিষয়টির তদন্ত চলছে।