নির্যাতনে পুলিশের দায়মুক্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের দায়ে দায়মুক্তি চেয়ে বাংলাদেশ পুলিশের দেওয়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর পাশাপাশি যাঁর বিরুদ্ধে নির্যাতনের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাবে, তার বিচার করার প্রকাশ্য ঘোষণারও দাবি করেছে অ্যামনেস্টি। গত মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের সব অভিযোগ ও প্রতিবেদনের বিষয়ে তদন্তের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের বিচারের মুখোমুখি করতেও আহ্বান জানানো হয়। বিবৃতিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে বলা হয়, বাংলাদেশের পুলিশ তাদের হেফাজতে মৃত্যুর কারণে শাস্তির বিধান-সংবলিত আইনের ধারার বাতিল চায়। এ প্রসঙ্গে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ এই আইনটির সংশোধনী চাইছে।
আইনটি নির্যাতনের বিরুদ্ধে একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। আইনটির ১২ ধারার বাতিল চেয়ে পুলিশ কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে। ধারাটি নির্যাতনের যেকোনো অজুহাত বাতিল করে দিয়েছে। এটি জাতিসংঘের নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতিপূর্ণ। বাংলাদেশ ১৯৯৮ সালে এতে অনুস্বাক্ষর করেছে।