নির্যাতনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার
যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন এবং প্রয়োজনীয় চিকিৎসা না করানোয় নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে ফারজানা নূর (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার শাশুড়ি মাইনুর বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে।ফারজানা নূরের বাবা সাব্বির আহমেদ গতকাল শাশুড়ি ছাড়াও শ্বশুর এ বি এম আহছান উল্লা, ফারজানার স্বামী বায়েজিদ বোস্তামি ও ননদ বদরুন নাহার আহছানকে আসামি করে মামলা করেছেন। ফারজানার বড় ভাই রেদোয়ান আহমেদ প্রথম আলোকে জানান, তাঁর বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়ালেখার সময় বেগমগঞ্জের আলীপুরের বায়েজিদ বোস্তামির সঙ্গে তাঁর পরিচয় হয়। বছর খানেক আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই শাশুড়িসহ তাঁদের পরিবারের লোকজন প্রায়ই যৌতুকের দাবিতে তাঁর বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। ১৪ এপ্রিল নোয়াখালী শহরের মডার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফারজানা কন্যাসন্তানের জন্ম দেন। তাঁর বড় ভাই আরও অভিযোগ করেন, অস্ত্রোপচারের তিন দিন পর শ্বশুর আহছান উল্লা নিজে চিকিৎসা করবেন বলে জোর করে ফারজানাকে বেগমগঞ্জের বাড়িতে নিয়ে যান। গত রোববার ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাঁর (ফারজানা) বাবা ও মাকে জানানো হয়নি। ওই দিন সন্ধ্যায় বাবা সাব্বির আহমদ মেয়েকে দেখতে গিয়ে অবস্থা খারাপ দেখে রাত আটটার দিকে তাঁকে মডার্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে ফারজানা মৌলভীবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন বলে রেদওয়ান জানান। নবজাতক সুস্থ আছে। সে ফারজানার শ্বশুরবাড়িতেই আছে। এদিকে শ্বশুর আহছান উল্লা খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিয়ের সময় যে মেয়েকে দেনমোহরের সব অর্থ দিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়ের কাছে যৌতুক চাওয়ার অভিযোগ হাস্যকর। হাসপাতালের কেবিনে পর্যাপ্ত জায়গা না থাকায় নবজাতকের ও ছেলের বউয়ের কষ্টের কথা ভেবে এবং আমি নিজে যেহেতু চিকিৎসক তাই বাড়িতে নিলে অসুবিধা হবে না বিধায় হাসপাতাল থেকে নিয়ে গিয়েছি।’ আহছান উল্লা খান বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ছিলেন। তিনি বর্তমানে নোয়াখালীর চিকিৎসা সহকারী ও প্রশিক্ষণ স্কুলের শিক্ষক। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।