নির্যাতনে শিশু গৃহকর্মীর মৃত্যু?
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় আয়েশা আক্তার (৬) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার দুই চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশ বাড়ির গৃহকর্ত্রী ফাতেমা নূরকে (৩৫) গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে গৃহকর্ত্রী ফাতেমা শিশু আয়েশাকে মৃত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গতকাল বুধবার সকালে পুলিশ সফিপুর বাজারের ভাড়াবাসা থেকে ফাতেমাকে গ্রেপ্তার করে।
ফাতেমাদের কয়েকজন প্রতিবেশী জানান, শিশুটিকে অকারণে প্রায় মারধর করা হতো। অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হতো না। গ্রেপ্তারের পর ফাতেমা নূর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, আয়েশার জ্বর হয়েছিল। হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিশুর শরীরে আঘাতের চিহ্নের ব্যাপারে তিনি কোনো জবাব দেননি।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার সঙ্গে গৃহবধূ ফাতেমা জড়িত থাকতে পারেন।