নির্যাতনেই মৃত্যু হয়েছে মাহাবুবুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন যে রাজধানীর মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানের নির্যাতনে মারা গেছেন, তা নিশ্চিত হয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসআই জাহিদ তা স্বীকারও করেছেন। তবে কেন নির্যাতন করে মেরে ফেলা হলো, তা জানতে তাঁকে গতকাল বুধবার আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে এসব কথা বলেন। এ হত্যা মামলা তদন্ত করছে ডিবি পুলিশ।
মিরপুর থানার পুলিশ ১৬ জুলাই এসআই জাহিদ ও পুলিশের তথ্যদাতা (সোর্স) নাসিম শেখকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। মাহাবুবুর হত্যার ঘটনায় ১৭ জুলাই সকালে পুলিশ বাদী হয়ে এ দুজনসহ আটজনের বিরুদ্ধে মামলা করে। ওই দিনই তাঁদের দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে নিয়ে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র। আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রথম দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদেই নিশ্চিত হওয়া গেছে, এসআই জাহিদের নির্যাতনে মাহাবুবুরের মৃত্যু হয়েছে। জাহিদ স্বীকারও করেছেন যে মাহাবুবুরকে গ্রেপ্তার-পরবর্তী সময়ে হেফাজতে রেখে তিনি নির্যাতন চালিয়েছেন। তবে কেন নির্যাতন করলেন, তা এখনো স্পষ্ট হয়নি। নিহতের পরিবারের অভিযোগ, চাঁদা চেয়ে না পেয়ে মাহাবুবুরকে নির্যাতন করেন জাহিদ। এ অভিযোগের তদন্ত হচ্ছে। আবার অন্য কেউ তাঁকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। আবার এটা নিছকই দুর্ঘটনাবশত ঘটেছে কি না, অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় তিনি বাড়াবাড়ি কিছু করেছেন কি না, সে দিকটিও যাচাই করা হচ্ছে।