নির্যাতনের অভিযোগে ওসি ও কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
এক দোকানিকে নির্যাতন করার অভিযোগে গত বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় কাউন্সিলরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২১ এপ্রিল জমা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা নির্যাতিত ওই দোকান মালিককে মানসিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, নির্যাতনের শিকার দোকান মালিকের নাম বাবুল হাওলাদার। তাঁর আইনজীবী নাসিমা আক্তার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নির্যাতনের অভিযোগ এনে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ৪(খ) ধারা’য় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নালিশি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশীদ, উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল্লাহ শফি এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান ও তাঁর সহযোগী মিনহাজুর রহমান, ইয়াসমিন রহমান, হোসেন খান, ফারুক আহম্মেদ, নুরুন্নবী ও মহিউদ্দিন।
মামলার আবেদনে বলা হয়, মামলার বাদী মো. বাদল হাওলাদার জমির মালিক অমৃত বিশ্বাসের সম্পত্তি ভাড়া নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কারওয়ান বাজারের ৫৪ দক্ষিণ বেগুনবাড়ী, এফডিসির নতুন ফটকে একটি দোকান নির্মাণ করেন। কিন্তু মামলার আসামি মশিউর রহমান, মিনহাজুর রহমান ও ইয়াসমিন রহমান ওই দোকান দখলের চেষ্টা করে আসছিলেন। বাবুল জমির মালিক অমৃতকে জানালে তিনি গত ১ ফেব্রুয়ারি ঢাকার নির্বাহী হাকিম আদালতে একটি মামলা করেন। আদালত দোকানটির দখল প্রতিবেদন দাখিলসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসিকে নির্দেশ দেন। পরে মামলাটির তদন্তভার পড়ে এসআই আবুল কালাম আজাদের ওপর।
তদন্ত কর্মকর্তার নির্দেশে ৭ মার্চ থানায় যান বাদী। দোকানের মালিকানা-সংক্রান্ত কাগজপত্র থানায় জমা দেন তিনি। পরে এসআই আবুল কালাম আজাদের নির্দেশনামতো থানায় ১২ মার্চ হাজির হন বাদী। এরপর এসআই আবুল কালাম আজাদের নির্দেশে আবার ১৩ মার্চ থানায় হাজির হন বাদী। থানায় গিয়ে বাদী দেখেন, আসামি মশিউর রহমানসহ তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘোরাফেরা করছেন। এরপর ওসি বাদীকে কড়া স্বরে বলেন, ‘মশিউর রহমানদের ওই দোকানের মালিক মেনে তাঁদের দোকান বুঝিয়ে দেন। তা না হলে আপনার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে জেলে ঢোকানো হবে।’
এরপর আসামিপক্ষ অঙ্গীকারনামা লেখার জন্য হুমকি দিতে থাকেন। এ সময় কাউন্সিলর মো. শফিউল্লাহ সেখানে উপস্থিত হয়ে বাদীকে গালিগালাজ করেন। একপর্যায়ে এসআই জাহাঙ্গীর একটি সাদা কাগজে বাদী ও আসামি মশিউর রহমানের মধ্যে একটি অঙ্গীকারনামা লেখেন। তাতে লেখা, ভাড়াটে হিসেবে বাদী তাঁর দোকান আসামি মশিউর রহমান বরাবর বুঝিয়ে দিয়ে দোকান ছেড়ে চলে যাবেন।
আবেদনে আরও বলা হয়, এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে না চাইলে আসামিরা জীবননাশের হুমকি দেন। বাধ্য হয়ে তাতে স্বাক্ষর করেন বাদী। বিষয়টি দোকানের মালিক অমৃতকে জানালে তিনি আইনজীবীর নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন। আইনজীবীর পরামর্শে এ ঘটনা পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর জানানো হয়। কিন্তু কোনো প্রতিকার পাননি তিনি। ওই দিন রাতে মশিউর রহমান ও মিনহাজ বাদীর দোকান দখল করে তালা লাগিয়ে দেন। এবং হুমকি দেন বাদী দোকানের কাছে গেলে গুলি করে হত্যা করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আবদুর রশীদ গতকাল রাতে প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।