নির্যাতনের অভিযোগে দুই পুলিশকে প্রত্যাহার
রংপুরের মিঠাপুকুর থানায় এক যুবককে আটকে নির্যাতনের অভিযোগে ওই থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন৷
মিঠাপুকুর থানা সূত্র জানায়, রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরে আলমের ছেলে শোভন ইসলামকে গত মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে আটক করে থানায় নেন এএসআই মমিনুল রহমান ও কাওসার আলী৷
শোভনের পারিবারিক সূত্র জানায়, এ ঘটনা জানার পর শোভনের বাবা নূরে আলম দ্রুত থানায় ছুটে যান৷ তিনি ছেলেকে আটকের কারণ জানতে চাইলে কর্তব্যরত ওই দুই পুলিশ কর্মকর্তা বাবার সামনেই শোভনকে মারপিট করেন৷ শোভনের বাবা বিষয়টি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে জানান৷ এরপর তিনি (মন্ত্রী) পুলিশ সুপারকে জানান৷
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে দুই এএসআই মমিনুল ও কাওসারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়৷ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে৷