২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর চারদলীয় জোটের কর্মীদের নির্যাতনের শিকার পিরোজপুরের বিভিন্ন উপজেলার ৫০ জনেরও বেশি লোক গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।জিয়ানগরের বালিপাড়ার কলারণ গ্রামের কবির শেখ গতকাল কমিশনের কাছে লিখিত অভিযোগে বলেন, ২০০২ সালে সাবেক সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদীর ভাই মোস্তফা সাঈদীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের সাউদখালী চরের তিন বিঘা জমির ধান কেটে নেয় এবং বসতঘরটি পুড়িয়ে দেয়। তখন তিনি মামলা করতে পারেননি। এমনকি সন্ত্রাসীদের ভয়ে কিছু দিন আত্মগোপনে ছিলেন।পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান কমিশনের কাছে ২০০৩ সালে তাঁর ওপর নির্যাতনের ঘটনা বর্ণনা করে বলেন, সাজানো মামলা দিয়ে তাঁকে রিমান্ডের নামে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) নিয়ে নির্যাতন চালানো হয়।জনকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি শফিউল হক তাঁর অভিযোগে বলেন, জামায়াত-বিএনপি জোটের নানা অপকর্মের সংবাদ জনকণ্ঠতে প্রকাশিত হওয়ায় ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওই দুই দলের নেতা-কর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।কমিশন গতকাল নির্যাতিত ব্যক্তিদের অভিযোগ গ্রহণের আগে স্থানীয় সার্কিট হাউসে মতবিনিময় সভায় মিলিত হয়। কমিশনের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বলেন, অষ্টম সংসদ নির্বাচন-পরবর্তী অত্যাচার ও নির্যাতন ছিল ভয়াবহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, কমিশনের কাছে এ পর্যন্ত দুই হাজার লিখিত অভিযোগ জমা হয়েছে এবং চলতি মাসের শেষ পর্যন্ত লিখিত অভিযোগ নেওয়া হবে।সভায় কমিশনের অন্য দুই সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন ও পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।