নির্যাতনের অভিযোগে চট্টগ্রামে এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের খুলশি থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হকের বিরুদ্ধে গতকাল সোমবার মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। নুরুল আলম চৌধুরী নামের এক যুবক তাঁকে মারধর করার অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল শুনানির পর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ঘটনাটি তদন্ত করতে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দেন।মামলার আরজিতে বলা হয়, গত শুক্রবার ভোরে এসআই জিয়া লালখান বাজারের বাসা থেকে নুরুল আলমকে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে গাড়িতে ওঠান। এরপর খুলশি থানায় নিয়ে তাঁকে নির্যাতন করা হয়। অস্ত্র মামলায় তাঁকে আসামি করা হবে বলেও হুমকি দেন এসআই জিয়া। এ সময় নুরুল আলমের পকেট থেকে দুই হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।নুরুল আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। লালখান বাজারের একজন গডফাদারের তথ্যের ভিত্তিতে পুলিশ আমাকে নির্যাতন করেন। আমি প্রতিকার চাইতে আইনের আশ্রয় নিয়েছি।’অভিযোগ সম্পর্কে জানতে এসআই জিয়াউল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তা বন্ধ পাওয়া যায়।