নির্যাতনের কারণে বিজয় উৎসব ম্লান হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির আলোচনা সভায় সংগঠনের সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে বন্দী করে নেতা-কর্মী ও দেশের মানুষের ওপর জেল-জুলুম-নির্যাতন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে আওয়ামী লীগ। এই কারণে বিজয় দিবসের উৎসব আজ ম্লান হয়ে গেছে।গতকাল রোববার বিকেলে নাসিমন ভবনের সামনে মঞ্চ করে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাসান মোহাম্মদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান প্রমুখ।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আজ জুলুমের রাজত্ব চলছে। সরকারি দল দেশের মানুষকে গিনিপিগ বানিয়ে রেখেছে। তারা রক্তের হোলিখেলায় মগ্ন রয়েছে। দেশের মানুষের মনে শান্তি নেই। তাই বিজয় উৎসবে ভাটা পড়েছে।বিএনপির নেতা আবু সুফিয়ানসহ নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে আমীর খসরু বলেন, এসব নির্যাতনের বদলা একদিন মানুষ নেবে। সময় আর বেশি দিন নেই। তাই এখন তারা ভীত হয়ে এই নির্যাতন চালাচ্ছে।বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি আওয়ামী গুন্ডাদের কারণে আজ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। পথচারীরাও তাদের কাছে আক্রান্ত হচ্ছে। আর বিরোধীদলীয় নেতা-কর্মীদের একের পর এক জেলে ঢোকানো হচ্ছে। এভাবে গণতন্ত্র টিকিয়ে রাখা যায় না।