নির্যাতনের ঘটনায় বিএসএফ সদস্যদের বিচার হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিচার হওয়া উচিত। এ থেকে তারা অন্তত এ বার্তা পাবে যে এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে একজন বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দুই দেশসহ আন্তর্জাতিক মহলে। ওই ভিডিওচিত্রের বর্ণনা দিয়ে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ বিএসএফ সদস্যদের বিচারের আহ্বান জানায়।এইচআরডব্লিউর দক্ষিণ এশীয় পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, বিএসএফ নিয়ন্ত্রণের বাইরে। নির্মম ওই নির্যাতনের ভিডিও থেকে সেটাই প্রমাণিত হয়েছে।’মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেন, ‘সীমান্তে হত্যা ও নির্যাতনের বিষয়টি ভারত সরকার ভালোভাবেই জানে। কিন্তু এসব ঘটনার জন্য যারা দায়ী, ভারত কখনোই তাদের বিচার করেনি। নতুন এ ভিডিওটি এখন একটি পরীক্ষা হয়ে সামনে হাজির হয়েছে, বিএসএফ সদস্যরা কি ভারতীয় আইনের বাইরে?’এইচআরডব্লিউ জানায়, ২০১০ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গ ও ঢাকার আরও দুটি মানবাধিকার সংস্থার সঙ্গে তারা একযোগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বাংলাদেশ সীমান্তে বিএসএফের হত্যা-নির্যাতনের অসংখ্য ঘটনা উল্লেখ করে তৈরি ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ট্রিগার হ্যাপি’। ওই প্রতিবেদনেও বলা হয়েছিল, বিএসএফের এসব ঘটনার কোনো তদন্ত বা জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করেনি ভারতীয় কর্তৃপক্ষ।মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘বিএসএফের সদস্যরা যখনই এ ধরনের অপরাধ করে, তাদের নেতৃত্ব তখন দাবি করে যে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হয়তো গোপনে বিচার, বরখাস্ত বা বদলি করা হয়, কিন্তু তাতে নির্যাতন বন্ধ হয় না। নির্যাতনের মতো এমন একটি গুরুতর অপরাধের বিচার অবশ্যই আদালতে হওয়া উচিত।’