নির্যাতনের পর গৃহবধূর চুল কেটে দিলেন ননদেরা
নির্যাতনের একপর্যায়ে চার ননদ হাঁসুয়া দিয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ওই গৃহবধূ প্রথম আলো ডটকমকে জানান, তাঁর ছেলে মাহফুজ শাহরিয়ার বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। এ সময় শ্বশুর মফিজ উদ্দিন অকথ্য ভাষায় নাতিকে গালাগাল দিতে থাকেন। তিনি প্রতিবাদ করলে তাঁর শাশুড়ি ফিরোজা বেগম ও চার ননদ শিউলি, সুফিয়া, ফেরদৌসী ও রুবিনা তাঁকে মারতে থাকেন। মারতে মারতে বাড়িতে নিয়ে গিয়ে চার ননদ হাঁসুয়া দিয়ে গৃহবধূর চুল কেটে দেন। এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন।
হাসপাতালের চিকিত্সক এস এম আরিফ ইসতিয়াক জানান, গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হালিম সরকার জানান, নির্যাতনের খবর শুনে তিনি ওই গৃহবধূকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি অভিযোগ করে জানান, ১৯৯৫ সালে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে নির্যাতন করে আসছে। মানসম্মানের কথা চিন্তা করে তাঁরা কোনো আইনি ব্যবস্থা নেননি। এই ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
ওই গৃহবধূর স্বামী মোকাদ্দেছ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময় তিনি শহরে ছিলেন। পরে বাড়িতে গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন। স্ত্রী সুস্থ হলে এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
ওই গৃহবধূর শাশুড়ি ফিরোজা বেগম প্রথম আলো ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন ও মারতে থাকেন। তাঁর মেয়েরা বিষয়টি সহ্য করতে না পেরে তাঁর চুল কেটে দেন।