নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ
বরিশাল নগরে শাহনাজ বেগম নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতনের পর চুল কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত তিনটায় নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার সকালে শাহনাজ বাড়ি থেকে পালিয়ে এলাকাবাসী ও পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ শাহনাজের শাশুড়ি ও তিন ননদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চারজনকে আসামি করে নগরের বিমানবন্দর থানায় মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আট বছর আগে নোয়াখালীর বাসিন্দা মোসলেউদ্দিনের মেয়ে শাহনাজের সঙ্গে বরিশাল নগরের কাশিপুর বাজার এলাকার ব্যবসায়ী মো. আবদুর জাহের খানের ছেলে বাক্প্রতিবন্ধী মো. শাকিল খানের বিয়ে হয়। বিয়ের আগে বাক্প্রতিবন্ধীর বিষয়টি গোপন রাখা হয়। বিয়ের পর শাহানাজ জানতে পারেন, তাঁর স্বামী কথা বলতে পারেন না। এরপর শুরু হয় অশান্তি। অপরদিকে, শাশুড়ি ও ননদেরা শাহানাজকে দিয়ে সংসারের সব কাজ করাতে থাকেন। কাজ করতে না চাইলে তাঁরা শাহনাজকে শারীরিকভাবে নির্যাতন করতেন। বাক্প্রতিবন্ধী শাকিল এ বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারতেন না। সোমবার শাহনাজ অসুস্থতার জন্য কাজ করতে অস্বীকৃতি জানান। এ ঘটনার জের ধরে শাহনাজের শাশুড়ি ও ননদেরা তাঁকে ব্যাপক মারধর করার পর মাথার চুল কেটে দেন এবং ঘরের মধ্যে আটকে রাখেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শাহনাজ বাদী হয়ে তাঁর শাশুড়ি ও তিন ননদকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।