নির্যাতনের পর ব্যবসায়ীকে গুলি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে দোকান নিয়ে বিরোধে একটি বিপণিবিতানের মালিক এক ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে নিমতলী চৌরাস্তার মা-মণি মার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী কামাল হোসেনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিপণিবিতানের মালিক দেলোয়ার হোসেন এবং তাঁর সহযোগী মামুন বেপারী, মাসুদ বেপারী, মো. সেলিম, জব্বার শেখ, শামীম শেখ ও শাহ আলমকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি শটগান, ১৫টি গুলি ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়েছে।সিরাজদিখান থানার পুলিশের বর্ণনা অনুযায়ী, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে নিমতলী চৌরাস্তার পাশে মা-মণি প্লাজা। ওই বিপণিবিতানে এক ব্যবসায়ীর কাছ থেকে একটি দোকান কেনেন কামাল। এ নিয়ে কামালের সঙ্গে বিপণিবিতানের মালিক দেলোয়ারের বিরোধ সৃষ্টি হয়। গতকাল বেলা দুইটার দিকে দেলোয়ার ও তাঁর লোকজন কামালকে বিপণিবিতানের একটি দোকানে আটকে ব্যাপক মারধর করেন। পরে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে পাঁচটি গুলি করেন দেলোয়ার। এর মধ্যে চারটি গুলি কামালের কোমর থেকে পায়ে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কামালকে উদ্ধার করে এবং দেলোয়ারসহ সাতজনকে গ্রেপ্তার করে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনায় কামালের স্ত্রী ওই সাতজন ও আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র দুটি দেলোয়ারের লাইসেন্স করা।