নির্যাতনের পর মৃত ভেবে ফেলে দেওয়া হয় গৃহকর্মী নিলুফারকে
‘তিন মাস ধরে কাজ করছিলাম এই বাসায়। কাজ শুরু করার পরদিন থেকে আমাকে নির্যাতন শুরু করে। খাবার খেতে দিত না। কিছু হলেই চামচ গরম করে গায়ে ছ্যাঁকা দিত। কথায় কথায় গায়ে ঢেলে দিত গরম পানি। তারা খাওয়াদাওয়া করার সময় আমাকে টয়লেটে আটকে রাখত। এই তিন মাসে আমাকে এক টাকাও বেতন দেননি।’
কিশোরী নিলুফার বেগম গৃহকর্মী হিসেবে কাজ করত চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকার একটি বাসায়। গত বৃহস্পতিবার তাকে বেধড়ক মারধর করা হয়। এতে অজ্ঞান হয়ে পড়ে সে। ঝামেলা এড়াতে এবং মৃত ভেবে জেলার রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় তাকে ফেলে দেওয়া হয়।
ওই দিনই স্থানীয় পুলিশ নিলুফারকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রোববার নিলুফার ওই নির্যাতনের বর্ণনা দেন পুলিশের কাছে। পরে আটক করা হয় বাসার মালিক আয়েশা আক্তার ওরফে সুমি, তাঁর স্বামী মো. সেলিম ও বাসার প্রহরী আলী আকবরকে।
নিলুফার বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে, ‘তিন মাস ধরে কাজ করছিলাম এই বাসায়। কাজ শুরু করার পরদিন থেকে আমাকে নির্যাতন শুরু করে। খাবার খেতে দিত না। কিছু হলেই চামচ গরম করে গায়ে ছ্যাঁকা দিত। কথায় কথায় গায়ে ঢেলে দিত গরম পানি। তারা খাওয়াদাওয়া করার সময় আমাকে টয়লেটে আটকে রাখত। এই তিন মাসে আমাকে এক টাকাও বেতন দেননি।’
নিলুফার আরও বলে, ‘কয়েক দিন আগে আমাকে বেশি মারধর করে। আমি অজ্ঞান হয়ে গেলে আমি মরে গেছি ভেবে জঙ্গলে ফেলে দেয়। সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে।’
নিলুফারের মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিলুফারের মা কোহিনূর আকতার বলেন, ‘আমি আমার মেয়ের নির্যাতনের বিচার চাই।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ার একটি দুর্গম এলাকা থেকে ওই কিশোরীকে গত বৃহস্পতিবার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বর্ণনা শুনে বাসার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ সোমবার আদালতে তোলা হবে।