নির্যাতনের পর যুবদলের নেতাকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিক চোকদারকে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কতিপয় যুবক মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে তাঁকে নির্যাতন করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ প্রধানমন্ত্রীর ছবি-সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে প্রেরণ করে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সংবলিত শুভেচ্ছা পোস্টারের ওপর গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবাহানের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে বুধবার রাতে মো. রফিক চোকদারের সঙ্গে যুবলীগের সদস্য বাবুল খানের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়।রফিক চোকদারের বড় ভাই মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে তাঁর ভাই মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে যুবলীগের কর্মী বাবুল খানসহ পাঁচ-ছয়জন তাঁকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে যুবলীগের কর্মীরা তাঁকে ধরে নিয়ে গৌরনদী থানা পুলিশে সোপর্দ করে। তবে বাবুল খান নির্যাতন ও পুলিশের কাছে সোপর্দ করার কথা অস্বীকার করেন।গৌরনদী থানার উপপরিদর্শক স্বপন কুমার হাওলাদার জানান, জনৈক বাবুল খান বাদী হয়ে রফিক চোকদারসহ পাঁচ যুবদল ও ছাত্রদলের নেতা ও কর্মীকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।