নির্যাতনের প্রতিকার বিষয়ে ধারণা কম পোশাকশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার হলে কোথায় গিয়ে প্রতিকার চাইতে হবে, সে বিষয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ধারণা কম। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রকল্পভুক্ত কারখানাগুলোর নারীশ্রমিকদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা খুব বেশি নয়।প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার সম্পর্কে পোশাকশিল্প মালিক, ব্যবস্থাপক ও শ্রমিকদের মনোভাব এবং আচরণগত পরিবর্তন নিয়ে এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই গবেষণার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।গতকালের অনুষ্ঠানে জানানো হয়, ইউএনএফপিএ ২০০৬ সাল থেকে ‘পোশাকশিল্পে প্রজনন স্বাস্থ্য, জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়নে বিজিএমইএকে সহায়তা করে আসছে। মালিবাগ, মিরপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৪৫০টি কারখানার সাড়ে চার লাখ শ্রমিক এই প্রকল্পের আওতায় সেবা পাচ্ছে।প্রকল্পের অধীন ১২টি এবং প্রকল্পের বাইরের ১২টি কারখানার ৬৬০ জন শ্রমিকের উত্তর, সাতটি কেস স্টাডি, ১২টি দলগত আলোচনা ও ২৯টি সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাপত্রটি তৈরি করেছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)। গবেষণা ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আবুল বারকাত।গবেষণায় দেখা গেছে, প্রকল্পের আওতাধীন কারখানার শ্রমিকদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা তুলনামূলকভাবে বেশি, তারা বেশি চিকিৎসাসেবা পায়। গর্ভধারণের ক্ষেত্রে, সন্তান সংখ্যা বিষয়ে প্রকল্পের আওতাধীন কারখানার শ্রমিকেরা বেশি স্বাধীনতা ভোগ করেন। এইচআইভি/এইডস বিষয়েও তাঁদের ধারণা তুলনামূলকভাবে বেশি।নারীর প্রতি সহিংসতা বিষয়ে তথ্য উপস্থাপনের সময় আবুল বারকাত বলেন, নির্যাতনের শিকার হলে কোথায় যেতে হবে এ ব্যাপারে প্রকল্পের অধীন এবং প্রকল্পের বাইরের কারখানার শ্রমিকদের ধারণা কম। নারী নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা সহায়তা কর্মসূচি, আইন ও সালিশ কেন্দ্র (আসক) বা জাতীয় মহিলা আইনজীবী সমিতি সম্পর্কে প্রকল্পের আওতাধীন কারখানার শ্রমিকেরা কিছুটা বেশি জানেন।অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর স্বাস্থ্য বিষয়ে বৈষম্য দূর করতে কোনো পদক্ষেপ নিলে সরকার তাতে সহযোগিতা করবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ইউএনএফপিএর আবাসিক প্রতিনিথি আর্থার আর্কেন।