নির্যাতনের প্রতিবাদে পোরশায় আদিবাসীদের মিছিল, সমাবেশ
নওগাঁর পোরশা উপজেলার খাতিরপুর সোনাডাঙ্গা আদিবাসী গ্রামে নূর হোসেন মাস্টারের ছেলে মঞ্জুরুল ইসলাম ও তাঁর লোকজন কর্তৃক দুই আদিবাসীকে নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার আদিবাসী লোকজন উপজেলা সদরে মিছিল-সমাবেশ করেছেন। তাঁরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী সংগ্রাম পরিষদের আহ্বায়ক এভারিস্ট হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা, পোরশা শাখার সভাপতি মহিন্দ্র পাহান, আদিবাসী সমন্বয় পরিষদ, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি কর্নেলিউস মুর্মু, কানু মুর্মু, ভবেশ মিনজ, কুস্তানতিনা মুর্মু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন, আবু তৈয়ব আলী প্রমুখ।প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) যৌথভাবে স্মারকলিপি দেয় পোরশা উপজেলা লাহন্তি আখড়া ফোরাম, দিঘোরী পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদের পোরশা শাখা। এ ছাড়া পৃথকভাবে স্মারকলিপি দেয় ভূমিহীন ও আদিবাসী বস্তি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন এবং জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা শাখা। সমাবেশস্থলে এসে স্মারকলিপি নেওয়ার সময় আদিবাসীদের উদ্দেশে ইউএনও রফিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।আদিবাসী নেতা কুসতান তিনা মুর্মু ও এভারিস্ট হেমব্রম অভিযোগ করেন, নূর হোসেন মাস্টারের দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে শুক্রবার গভীর রাতে পুলিশ খাতিরপুর সোনাডাঙ্গা গ্রামে আসে। এ সময় পুলিশের সঙ্গে নূর হোসেনের ছেলে মঞ্জুরুল এবং মজিবুর, মোজাফ্ফর, ধলা, আতা ও সারোয়ার ছিলেন। তাঁরা আদিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সিভু তিগ্যা ও ফুলেশ্বরী তিগ্যা নামের দুজনকে শারীরিকভাবে নির্যাতন করেন। মঞ্জুরুল ইসলাম নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিএনপি করি বলে লোকজন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।’পোরশা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আসামি ধরতেই ওই গ্রামে গেছে। আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ সত্য নয়। তারা একটি ইস্যু তৈরির জন্য মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। তার পরও আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করব।’