নির্যাতনের বর্ণনা দিলেন জর্ডানফেরত দুই নারী
গৃহপরিচারিকার কাজে সরকারি ব্যবস্থাপনায় জর্ডানে পাঠানো একটি দল ২০ মার্চ খালি হাতে দেশে ফেরে। ১৮ জনের এই দলে ছিলেন রাজশাহীর দুজন। জর্ডানে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দিয়েছেন তাঁরা। তাঁদের একজনের পরিবার সূত্রে জানা গেছে, জর্ডানে যাওয়ার পর অন্য নারীদের সঙ্গে তাঁকে একটি কার্যালয়ের কক্ষে রাখা হয়। সেখানে লোকজন এসে পছন্দ করে পর্যায়ক্রমে তাঁদের কাজের জন্য নিয়ে যায়। প্রথম যে বাড়িতে কাজে পাঠানো হয়, সেখানে প্রথম দিনেই ওই নারী ধর্ষণের শিকার হন। এ কথা গৃহকর্তার স্ত্রী ও মেয়েকে জানানোর পরে তাঁকে তিন দিন ধরে বাথরুমে আটকে রাখা হয়। সারা দিনে একটা রুটি আর এক মগ পানি দেওয়া হয়। পরে সেখানে কাজ করতে আপত্তি জানালে অফিস থেকে তাঁকে দ্বিতীয় বাড়িতে পাঠানো হয়। সেখানেও তাঁকে একইভাবে নির্যাতন করা হয়। তৃতীয় বাড়িতে গিয়েও তিনি ধর্ষণের শিকার হন। বৃদ্ধ ও শিশুদের যত্ন নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হলেও তাঁকে পরিবারের সব কাজ করতে হতো। রাত-দিন ২৪ ঘণ্টা কাজের ওপরে রাখা হতো। অসহ্য হয়ে তিনি আত্মহত্যা করার হুমকি দিলে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে আসার জন্য টিকিট হাতে পাওয়ার পর তাঁকে লাথি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। মোট ২২ দিন তিনি তিনটি বাড়িতে ছিলেন। ফিরে আসার সময় তাঁকে কোনো টাকা-পয়সা দেওয়া হয়নি। জর্ডান থেকে ফিরে আসা রাজশাহীর অপর নারীও প্রায় একইভাবে নির্যাতনের শিকার হন বলে জানা গেছে। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে গৃহপরিচারিকার কাজের জন্য প্রশিক্ষণ নিয়ে জর্ডান যান তাঁরা।এদিকে জর্ডানে যাওয়ার জন্য আরও দুজন নারী বর্তমানে রাজশাহী টিটিসিতে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা বলছেন, তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও এইচআইভি প্রতিরোধ বিষয়ে যে তথ্যসহায়িকা দেওয়া হয়েছে, তার পুরোটা জুড়েই নিরাপদ যৌনাচরণ বিষয়ে লেখা রয়েছে। তাঁরা আশঙ্কা করছেন, গৃহপরিচারিকার নামে আসলে দেহ ব্যবসার জন্য তাঁদের সেখানে পাঠানো হচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পরও তাঁরা জর্ডানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। যৌন নির্যাতনের শিকার হয়ে দুই নারীর ফিরে আসার সত্যতা নিশ্চিত করে গত বৃহস্পতিবার টিটিসির অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তালুকদার বলেন, ‘সব নারীর ক্ষেত্রেই এ রকম হবে, এটা বোধ হয় ঠিক না। এ নিয়ে এমন কিছু লেখা উচিত নয় যাতে এ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়।’যৌন আচরণ বিষয়ক তথ্যসহায়িকা সরবরাহের বিষয়ে তিনি বলেন, যৌন নির্যাতনের শিকার হয়ে কোনো নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারে। এ জন্য তাদের নিরাপদ যৌনাচরণ বিষয়ে তথ্যসহায়িকা সরবরাহ করা হয়।