নির্যাতনের বিচার দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন
যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের এক গৃহবধূ। গতকাল বুধবার তিনি দিনাজপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন।
বুধবার সকালে গৃহবধূ মোশরেফা আক্তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সালের ২৮ জুন দিনাজপুর সদর উপজেলার খানপুর মরাপুকুর গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরই স্বামী ও তাঁর মা-বাবা তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। তাঁর বাবা অনেক কষ্টে এক লাখ টাকা জোগাড় করেন। কিন্তু এরপর বাকি দুই লাখ টাকার জন্য তাঁর ওপর নির্যাতন শুরু হয়। এর মধ্যে তাঁর কোলে আসে একটি কন্যাশিশু। পুত্র না হওয়ার ক্ষোভে দুই মাস বয়সে শিশুকন্যাকে কৌশলে বিষ খাইয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি কৌশলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে ভাইয়ের বাড়িতে চলে আসেন। এরপর তিনি নির্যাতন ও সন্তান হত্যার বিচার চেয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।