নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়িয়েছেন রাবেয়া

বাবা মারা যাওয়ার পর রাবেয়া বেগমের ঠাঁই হয় নানাবাড়ি। মামা-মামির সংসারে সইতে হয় নানা বঞ্চনা। বিয়ে হলেও অভাবের সংসারে সহ্য করতে হয় নির্যাতন। একপর্যায়ে স্বামী তালাক দেন। এরপর বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে চলে জীবিকা। তবু হাল ছাড়েননি তিনি।
পুনরায় বিয়ের পর শুরু হয় রাবেয়ার জীবনসংগ্রামের নতুন অধ্যায়। মাটিকাটা ছাড়াও রাজমিস্ত্রির জোগানদারের কাজ করেছেন তিনি। এখন স্বামী-সন্তান নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন।
নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়ানো রাবেয়া বেগমের (৪৯) বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সারাশিন গ্রামে।
গতকাল মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে রাবেয়াকে পাওয়া যায়নি। মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা মেলে তাঁর। জানালেন, কোনো বসতভিটা না থাকায় নানাবাড়িতেই বাবা-মায়ের সঙ্গে থাকতেন। নানা অনেক আগেই মারা গেছেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বয়স যখন সাত, তখন বাবা দারোগ আলী মারা যান। এর এক বছর পর মারা যান মা পটল জান। এরই মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়। এর মাঝে নানি সমেরুন বেগম মারা যান। ১৩ বছর বয়সে একই গ্রামের সহায়সম্বলহীন এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। অন্যের বসতভিটায় ঘর তুলে সেখানে থাকতেন। সংসারে প্রায়ই শাশুড়ি ও ননদদের নির্যাতন সহ্য করতে হয় তাঁকে। বিয়ের দুই বছর পর তাঁর সংসারে এক ছেলে হয়। জন্মের পাঁচ দিন পর সে মারা যায়।
রাবেয়া বলেন, শেষমেশ শাশুড়ি ও ননদদের নির্যাতনের হাত থেকে বাঁচতে আবার নানাবাড়ি ফিরে যান তিনি। এর ছয় মাস পর তাঁকে তালাক দিয়ে স্বামী আরেকটি বিয়ে করেন। এই পরিস্থিতিতে তিনি ঢাকার গুলিস্তানে একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। সেখানেও নির্যাতন পিছু ছাড়েনি। তিন বছর কাজ শেষে তিনি আবার ভাইয়ের কাছে ফিরে যান। পরে তাঁকে আবার বিয়ে দেওয়া হয়। প্রথম দুই স্ত্রীর ঘরে ছেলেসন্তান না হওয়ায় আফাজ উদ্দিন তাঁকে বিয়ে করেন।
একসময় সারাশিন গ্রামে স্বামীর ৩০ শতক জমিতে ছোট একটি ঘর তুলে সেখানে থাকতে শুরু করেন রাবেয়া। একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ২০০ মুরগির বাচ্চা কিনে বাড়িতেই পালন করতে থাকেন। স্বামী-স্ত্রী দুজনেই রাজমিস্ত্রির জোগানদার ও মাটি কেটে যা উপার্জন করেন, তা দিয়ে ঋণের টাকা ও সংসারের খরচ জোগাড় করেন। ছয় মাস না যেতেই মুরগি বিক্রি করে লাভের মুখ দেখেন। এভাবেই শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানো। বর্তমানে স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের তিনি নির্বাচিত মহিলা সদস্য। বছর তিনেক আগে স্বামী মারা যান।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জামিলা খাতুন বলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন রাবেয়া। এ জন্য গত বছর তিনি জয়িতার সম্মাননা পেয়েছেন।