নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় দমন-পীড়নসহ সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।গতকাল শনিবার ছাত্র গণ-অভ্যুত্থানের চতুর্থ বার্ষিকী উপলক্ষে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে তারা এ আহ্বান জানায়। দিবস উপলক্ষে সকালে মধুর ক্যানটিন থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলাভবনের মূল ফটকে সমাবেশ করে তারা। বক্তারা বলেন, ২০০৭ সালের ২০ আগস্ট ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা দীর্ঘ সময় ধরে জোট-মহাজোট সরকার এবং সর্বশেষ সামরিক সরকারের দমন-পীড়ন-অত্যাচারের বিরুদ্ধে ছাত্রসমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তী দুই দিনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলনের মুখে সামরিক বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।বক্তারা বলেন, সেনাশাসনের অবসান ঘটেছে। কিন্তু তথাকথিত গণতান্ত্রিক সরকারের সময় এসেও রাষ্ট্রীয় হত্যাকাণ্ড-অত্যাচার-নির্যাতন-লুণ্ঠন বন্ধ হয়নি। প্রতিদিন ক্রসফায়ারে নামে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।