নির্যাতনের শিকার গৃহকর্মী জান্নাত পেল ৫০ হাজার টাকার চেক

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী জান্নাতুল ফেরদৌসকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জান্নাতুলের মা ফিরোজা বেগমের হাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এ চেক তুলে দেন। জান্নাতুলও এ সময় উপস্থিত ছিল।
জান্নাতুলের বাড়ি চাঁদপুরে। গৃহকর্মী হিসেবে জান্নাতুল গাজীপুরে এক বাসায় কাজ করত। বাড়ি যেতে তার খুব মন চাইত। বিমানবন্দরে চাকরি করা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ গত বছর তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। এক বছর ধরে কাজ করা অবস্থায় প্রায়ই জান্নাতুল নির্যাতনের শিকার হতে থাকে।
পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে ক্ষত নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জান্নাতুলকে ভর্তি করা হয় চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে। এ সময় চাঁদপুর প্রশাসন সার্বিক সহায়তা দেয়। পরে জান্নাতুলের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয় প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে জান্নাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জান্নাতুলের মাথায় গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়েছিলেন গৃহকর্ত্রী মণি বেগম। সারা শরীরেও ছিল নির্যাতনের চিহ্ন। পুনর্বাসনের অংশ হিসেবে চিকিৎসা শেষে জান্নাতুলকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) আশ্রয়কেন্দ্র পাঠানো হয়। বিএনডব্লিউএলএ জান্নাতুলের মামলায় আইনি সহায়তাও দিচ্ছে।
আজ প্রেসক্লাবে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী গৃহশ্রমিক সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানেই জান্নাতুলের মায়ের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সমাবেশে নারী গৃহশ্রমিকেরা স্লোগান দিতে থাকেন—‘কথায় কথায় নির্যাতন চলবে না। গৃহশ্রমিক এক হও। এ লড়াইয়ে জিততে হবে।’
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জান্নাতুলের চেকটি হস্তান্তরের দায়িত্ব দিয়েছিল গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে।
অনুষ্ঠানে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শুধু গৃহকর্মীরা সচেতন হলে হবে না, বাড়ির গৃহকর্ত্রীকেও সচেতন হতে হবে। তিনি বলেন, চেকটি প্রথমে জান্নাতুলের বাবার নামে ছিল। কিন্তু এই বাবা জান্নাতুল বা তার পরিবারের খোঁজ নেন না। সাধারণত দেখা যায়, ঘটনার পর বাবা বা ভাই আসামিপক্ষের সঙ্গে আপস করে ফেলেন। তাই পরে চেকটি তার মায়ের নামে করা হয়।
জান্নাতুলের মা ফিরোজা জানান, তাঁর খালাতো ভাই মোস্তফা সরদার মেয়েকে বেড়াতে নেওয়ার কথা বলে নিয়ে যান তাঁর ভায়রা ওমর ফারুক ও মণি বেগম দম্পতির বাসায়। মোস্তফা সরদার গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে গাজীপুরের ওই বাড়ি থেকে জান্নাতুলকে হাইমচরে নিয়ে যান। অবস্থা দেখে স্থানীয় লোকজন জান্নাতুলকে হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসীই মোস্তফা সরদারকে পুলিশে সোপর্দ করেন। জান্নাতুলের প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় ওমর ফারুক, তাঁর স্ত্রী মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করা হয়। নির্যাতনের মামলায় অভিযুক্ত তিনজন গ্রেপ্তার হন।
বিএনডব্লিউএলএর কেস ম্যানেজার ফাহমিদা আক্তার প্রথম আলোকে বলেন, ওমর ফারুক ও স্ত্রী মণি বেগম বর্তমানে কারাগারে রয়েছেন। মোস্তফা সরদার জামিনে আছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।