নির্যাতনের শিকার গৃহকর্মীদের ৭৮ ভাগই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে নির্যাতনের শিকার গৃহকর্মীদের ৭৮ শতাংশই শিশু। অর্থাৎ গত এক বছরে সংঘটিত ৬০টি নির্যাতনের ঘটনার মধ্যে ৪৭ জনের বয়সই ১৮ বছরের নিচে। এর মধ্যে ২৩টি ঘটনায় আক্রান্ত গৃহকর্মীর বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস্) বয়সভিত্তিক গৃহশ্রমিক দুর্ঘটনা ও নির্যাতনের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়নের এক বৎসর: গৃহশ্রমিকদের অবস্থা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভার প্রতিবেদনে বিলস্-এর এই তথ্য দেওয়া হয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। অনুষ্ঠানে বিলস্-এর তথ্য উল্লেখ করে বলা হয়, গত এক বছরে ২৬ জন গৃহকর্মী গৃহকর্মে নিয়োজিত অবস্থায় মারা গেছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও নির্যাতনের শিকার হয়েছে ৪২ জন। এ ছাড়া ১৫ জন গৃহকর্মী এই সময়ে আত্মহত্যা করেছে।