নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিয়ের আগে কত ভালোবাসিছে। স্বপ্ন দেখাইছে। আমিও ভালোবাসে তারে বিয়ে করলাম। ভালোবাসার সেই মানুষটারে হ্যান্যে চেনা যায় না।’ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সায়মোনারচর গ্রামের গৃহবধূ ছবেদা খানম (২০) দীর্ঘনিঃশ্বাস ছেড়ে এভাবেই তাঁর অভিব্যক্তি জানাচ্ছিলেন। এক বছর আগে আবুল বাসারের মেয়ে ছবেদা ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের কৃষক তৌহিদুল ইসলামকে (৩০)।স্বামী ও তাঁর পরিবারের লোকজনের নির্যাতনের শিকার হয়ে ছবেদা এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিনি ব্যথায় কাতরাচ্ছেন। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি জানান, বিয়ের সময় বাবা তাঁদের নগদ ৫০ হাজার টাকা দেন। বিয়ের কয়েক দিন পর থেকেই স্বামী বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। সর্বশেষ জমি কিনতে এক লাখ টাকা এনে দিতে বলেন। তা না দেওয়ায় স্বামী, শাশুড়ি ও ভাশুর রোববার বেলা ১১টার দিকে বেদম মারপিট করেন।ছবেদার বাবা আবুল বাসার অভিযোগ করেন, তাঁর মেয়েকে মারধর করে ঘরে আটকে রাখা হয়। লোহাগড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে। তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছায় গ্রামে বিয়ে দিয়েছিলাম। এহন মনে হচ্ছে, মেয়ে আমার সবার কাছে বোঝা হয়ে গেছে।’খোঁজ নিয়ে জানা গেছে, তৌহিদুল ইসলামের বাড়ির সবাই পালিয়েছে। তৌহিদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল স্বীকার করেন, ঘরে আটকে রাখা অবস্থায় পুলিশ ছবেদাকে উদ্ধার করেছে।