নির্যাতনের শিকার গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমী আক্তার (২০) নামের এক গৃহবধূ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শরীরের বেশির ভাগ অংশ তাঁর পুড়ে গেছে। অভিযোগ উঠেছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে বাঁচতে তিনি এ পথ বেছে নেন।চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় মৌসুমীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।দুই বছর আগে মৌসুমীর সঙ্গে মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের সুমন মোল্লার সঙ্গে বিয়ে হয়। সুমন ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। তাঁদের ছয় মাসের একটি পুত্রসন্তান রয়েছে।মৌসুমীর মা মাকসুদা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর যৌতুকের জন্য তাঁর মেয়েকে নির্যাতন শুরু করেন। এই নির্যাতন সহ্য করতে না পেরে কিছুদিন আগে সন্তান নিয়ে মৌসুমী তাঁদের বাড়িতে চলে আসে। এরপর শ্বশুরবাড়ির লোকজন মৌসুমীকে নিতে এলেও নির্যাতনের ভয়ে সে যেতে চাইত না।মৌসুমীর নানা আবদুল মালেক জানান, ঘটনার দিন রাতে শ্বশুরবাড়ির লোকজন মৌসুমীকে নিতে এলে সে যেতে রাজি হয়নি। যাওয়ার জন্য চাপ দেওয়া হলে সে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। কথা বলতে মৌসুমীর শ্বশুর, দেবর ও স্বামীর মুঠোফোনে কল করলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।