নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নির্যাতনের শিকার গৃহবধূ রোজিনা আক্তার (২০) গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা গেছেন। ৮ সেপ্টেম্বর সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে শ্বশুর ও ভাশুর তাঁকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুরে রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহত গৃহবধূর পরিবারের লোকজনের বিবরণ অনুযায়ী, গাজিন্দা গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার মেয়ে রোজিনার সঙ্গে প্রায় তিন বছর আগে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল হোসেনের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর রুবেলকে বাহরাইনে পাঠায় তাঁর পরিবার। এর পর থেকে শ্বশুর-শাশুড়ি ও ভাশুর প্রায়ই রোজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ ঘটনায় উভয় পরিবারের লোকজন নিয়ে একাধিকবার গ্রামে সালিস বসে।
আবদুল কুদ্দুস মোল্লা অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রোজিনাকে তাঁর শ্বশুর মতিয়ার রহমান ও ভাশুর সোহেল রানা মারধর করেন। একপর্যায়ে রোজিনা অচেতন হয়ে পড়েন। ঘটনা ধামাচাপা দিতে রোজিনার গলায় ওড়না পেঁচিয়ে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বাড়ির সবাই পালিয়ে যান। রাতেই প্রতিবেশী ও স্বজনেরা রোজিনাকে মুমূর্ষু অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রোজিনার মৃত্যু হয়।
রোজিনার শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। চেষ্টা করেও তাঁদের কারও মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলী বলেন, নিহত রোজিনার গলায়, পেটে ও কোমরের নিচে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবার হত্যা মামলা করেছে।