নির্যাতনের শিকার গ্রাম পুলিশের আত্মহনন
রাজশাহীর বাগমারায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার নরদাশ ইউনিয়নের গ্রামপুলিশের এক সদস্য ক্ষোভে, লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহননকারী গ্রামপুলিশের নাম আবু জাফর (৩৫)। তিনি পূর্ব দৌলতপুর গ্রামের বাসিন্দা।
আবু জাফরের পরিবারের অভিযোগ থেকে জানা যায়, আবু জাফরের সঙ্গে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। গত বুধবার শ্বশুরবাড়ির লোকজন আবু জাফরকে কৌশলে ডেকে নিজেদের গোড়সার গ্রামে নেয়। ওই দিন ইফতারের আগে আবু জাফর সেখানে পৌঁছে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা ওই গ্রামপুলিশ সদস্যকে বেদম মারধর করেন। রাতে আহত অবস্থায় আবু জাফর পালিয়ে নিজ বাড়িতে চলে যান। গতকাল বৃহস্পতিবার সকালে আবু জাফর বিষপানে করেন। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আবু জাফর মারা যান।
গ্রামপুলিশ আবু জাফরের প্রতিবেশী ইসাহাক আলী বলেন, শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে আবু জাফর ক্ষোভে, লজ্জায় আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ওই গ্রামপুলিশের স্ত্রী ও শ্বশুর আনিসুর রহমান আত্মগোপন করায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।